আইপিএলের পিছে ছুটছে ফেসবুক-টুইটারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার আইপিএলেও ফেসবুক-টুইটার।
এবার আইপিএলেও ফেসবুক-টুইটার।

শুধু তো টিভি নয়, এখন ডিজিটাল মাধ্যমগুলোও খেলা দেখা বা অনুসরণ করার বড় মঞ্চ। টিভি স্বত্বের পাশাপাশি আইপিএলে এবার ডিজিটাল স্বত্বও বিক্রি করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তাতে আগ্রহ দেখিয়েছে ফেসবুক-টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো।
২০২৭ পর্যন্ত টিভি স্বত্ব; ২০২২ পর্যন্ত মিডিয়া ও ডিজিটাল স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিসিআই। তাতে অংশ নিয়েছে ফেসবুক ও টুইটার। তিন ধরনের স্বত্বের জন্য সব মিলিয়ে ১৮টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। আগ্রহীর তালিকায় আছে অ্যামাজনও। এর আগে সাধারণত এ ধরনের মাধ্যমগুলোকে ক্রিকেটের স্বত্ব কেনার ব্যাপারে দরপত্রে অংশ নিতে দেখা যায়নি। প্রযুক্তির প্রেক্ষাপট যে বদলাচ্ছে, সেটি এ থেকে বোঝা যায় খুব ভালো করেই।
যদিও ফেসবুক-টুইটারগুলো আইপিএলের কোন ধরনের সেবা দেবে, তা এখনো পরিষ্কার নয়। ফেসবুকে তো লাইভ সুবিধা চালু হয়ে গেছে এরই মধ্যে, যার মাধ্যমে কেউ কেউ বিভিন্ন খেলা সরাসরি সম্প্রচারও করছেন। যদিও এতে কপিরাইট ও বিজ্ঞাপনের নীতির লঙ্ঘন হচ্ছে কি না, এই আলোচনাও আছে।
তবে সামনের দিনগুলোতে যে ডিজিটাল মাধ্যমগুলো যে বড় প্রভাবক হয়ে উঠবে, তা বিসিসিআইও বোঝে। এ কারণে ১০ বছরের জন্য টিভি স্বত্ব বিক্রি করা হলেও ডিজিটাল ও মিডিয়া স্বত্ব বিক্রি করা হচ্ছে ৫ বছরের জন্য। এই ৫ বছরে প্রযুক্তির দৃশ্যপট কতটা এবং কত দ্রুত বদলাবে, সেটি অনুমান করা তো কঠিন। কে জানে, হয়তো তখন লোকে টিভির চেয়ে মুঠোফোনেই বেশি করে খেলা দেখবে। সূত্র: এনডিটিভি।