আইপিএলের পৌনে আট কোটি রুপির বোলারে শ্রীলঙ্কার হার

শ্রীলঙ্কাকে হারাতে দারুণ বোলিং করেছেন জশ হ্যাজলউডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের স্কোর সমান, মানে ম্যাচ টাই। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এখন আর সমতা বলে কোনো কথা নেই, তা সে দ্বিপক্ষীয় সিরিজের কোনো ম্যাচ হোক বা কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্বের কোনো ম্যাচ! আজ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের টাই হওয়া দ্বিতীয় ম্যাচেও দুই দলকে আলাদা করা হয়েছে সুপার ওভারের ফলের মাধ্যমে। সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২–০ ব্যবধানে।

নাটকীয় ম্যাচে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৬৫ রান। রান তাড়া করতে নেমে ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে। ১০.৫ ওভারে ৬৭ রান তুলতেই চতুর্থ উইকেট হারায় তারা। অস্ট্রেলিয়ার জয় তখন ছিল সময়ের ব্যাপার মাত্র! কিন্তু শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান পাতুম নিশাঙ্কা সেটা হতে দেননি। অসাধারণ ব্যাটিং করে উল্টো শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন তিনি। মার্কাস স্টয়নিসের বলে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫৩ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৩ রান করেন নিশাঙ্কা। তাঁকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক দাসুন শানাকা। রানআউট হওয়ার আগে ২ চার ও ৩ ছয়ে ১৯ বলে ৩৪ রান করেন তিনি।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা বিনিময়
ছবি: এএফপি

নিশাঙ্কা ও শানাকা পঞ্চম উইকেট জুটিতে ৩১ বলে তোলেন ৪৮ রান। নিশাঙ্কা এর আগে চতুর্থ উইকেট জুটিতে দিনেশ চান্ডিমালকে নিয়ে ৪২ রান তোলেন ৩৭ বলে। এ দুটি জুটিকে ম্যাচে ফেরা শ্রীলঙ্কা জয়ের স্বপ্ন দেখে সপ্তম উইকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নিশাঙ্কার ১৬ বলে ৩১ রানের জুটিতে। শেষ ৩ ওভারে জয়ের জন্য তাদের দরকার পড়ে ৪৬ রানের। ১৮তম ওভারে ১৭ রান নিয়ে কাজটা আরও সহজ করে ফেলেন নিশাঙ্কা ও হাসারাঙ্গা। পরের ওভারে ১০ রান এলেও আউট হয়ে যান হাসারাঙ্গা। শেষ ৬ বলে তাঁদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। কিন্তু তাঁরা নিতে পারেন ১৮ রান।

২০ ওভারে শ্রীলঙ্কা ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সমান ১৬৪ রান তুলতে পারে। শ্রীলঙ্কার এ অবস্থার পেছনে মূল কারণ জশ হ্যাজলউড। ২২ রানে দিয়ে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার তিনি। ১টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা। আইপিএলে এবারের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭.৭৫ কোটি রুপির বোলার সুপার ওভারেও দুর্দান্ত বোলিং করেছেন। ৬ বলে মাত্র ৫ রান দিয়েছেন তিনি। সুপার ওভারের ছোট এ লক্ষ্য ৩ ওভারেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। হাসারাঙ্গার করা প্রথম বলে ১ রান নেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের দুই বলে টানা দুটি চার মেরে খেলা শেষ করেন স্টয়নিস।

শ্রীলঙ্কার আরও একটি উইকেট নিয়ে হ্যাজলউডের উদ্‌যাপন
ছবি: এএফপি

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে অস্ট্রেলিয়া। ৩২ বলে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন জশ ইংলিস। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা ও হাসারাঙ্গা। দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার হ্যাজলউড।

আগামীকাল ক্যানবেরায় সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে নামবে শ্রীলঙ্কা।