আইপিএলের শুরুতে যেসব বিদেশি খেলোয়াড়কে পাওয়া যাবে না
আর মাত্র ৪ দিন পরই পর্দা উঠবে আইপিএলের ১৫তম আসরের। গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল।
যথারীতি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পরিকল্পনা অনুযায়ী দলে টেনেছে দেশি ও বিদেশি বিভিন্ন খেলোয়াড়। তবে প্রথম থেকে পূর্ণশক্তির দল পাচ্ছে না কোনো ফ্র্যাঞ্চাইজিই। বিভিন্ন কারণে আইপিএলে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বেশ কিছু বিদেশি তারকা। নিজ নিজ জাতীয় দলের হয়ে খেলা, চোট সমস্যা, জৈব সুরক্ষাবলয়ে থাকায় অনীহা—এসব কারণে পাওয়া যাবে না খেলোয়াড়দের। সিরিজ খেলতে পাকিস্তানে আছে অস্ট্রেলিয়া দল, ক্যারিবিয়ানে চলছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজও। দক্ষিণ আফ্রিকা নিজের মাটিতে খেলছে বাংলাদেশের সঙ্গে। ফলে এসব দেশের খেলোয়াড়দের প্রথম কয়েক ম্যাচে পাচ্ছে না আইপিএল।
এসব বিদেশি খেলোয়াড় না থাকার অর্থ, অন্তত সে ম্যাচগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের বেঞ্চের শক্তি পরখ করে দেখতে পারবে। কিন্তু সেটা অনেক পরের সম্ভাব্য ঘটনা। তার আগে জেনে নেওয়া যাক, কোন কোন বিদেশি খেলোয়াড়কে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে দেখা যাবে না।
কলকাতা নাইট রাইডার্স
খেলতে পারবেন না: পাকিস্তান সফরে আছেন, ফলে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না কলকাতার দুই অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চ। জৈব সুরক্ষাবলয়ের কারণে খেলবেন না ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে চার বিদেশি সুযোগ পেতে পারেন: আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, স্যাম বিলিংস, টিম সাউদি।
চেন্নাই সুপার কিংস
খেলতে পারবেন না: গতবারের চ্যাম্পিয়নদের অবশ্য এ নিয়ে অত বেশি চিন্তা করতে হচ্ছে না। দক্ষিণ আফ্রিকার পেসার ডোয়াইন প্রিটোরিয়াসই শুধু প্রথম ম্যাচে খেলবেন না। এ ছাড়া সবাইকেই প্রথম থেকে দলে পেয়ে যাবে চেন্নাই।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে চার বিদেশি সুযোগ পেতে পারেন: ডেভন কনওয়ে, মঈন আলী, ডোয়াইন ব্রাভো, অ্যাডাম মিলনে।
মুম্বাই ইন্ডিয়ানস
খেলতে পারবেন না: চোটের কারণে পুরো মৌসুম খেলতে পারবেন না দলে নতুন আসা ইংলিশ পেসার জফরা আর্চার।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে চার বিদেশি সুযোগ পেতে পারেন: কাইরন পোলার্ড, টিম ডেভিড, টাইমাল মিলস, দেভাল্ড ব্রেভিস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
খেলতে পারবেন না: তিন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজলউড ও জেসন বেহরেনডর্ফকে ছাড়াই প্রথম কয়েক ম্যাচে নামবেন কোহলিরা।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে বিদেশিরা সুযোগ পেতে পারেন: ফাফ ডু প্লেসি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ফিন অ্যালেন, ডেভিড উইলি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
খেলতে পারবেন না: জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে অন্তত ১ থেকে ৫ ম্যাচ খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, কাইল মেয়ার্স ও অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। চোটের কারণে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইংলিশ পেসার মার্ক উড। প্রথম ম্যাচ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে বিদেশিরা সুযোগ পেতে পারেন: এভিন লুইস, দুষ্মন্ত চামিরা।
পাঞ্জাব কিংস
খেলতে পারবেন না: অস্ট্রেলিয়ার নাথান এলিস, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো শুরু থেকে খেলতে পারবেন না জাতীয় দলের দায়িত্ব থাকার কারণে।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে বিদেশিরা সুযোগ পেতে পারেন: ওডিন স্মিথ, লিয়াম লিভিংস্টোন, বেনি হাওয়েল, ভানুকা রাজাপক্ষে।
দিল্লি ক্যাপিটালস
খেলতে পারবেন না: পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের কারণে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ খেলতে পারবেন না শুরুর কিছু ম্যাচ। ওদিকে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজের কারণে মোস্তাফিজুর রহমান ও লুঙ্গি এনগিডিকে ছাড়া ম্যাচগুলোতে মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। চোটের কারণে দেখা যাবে না আনরিখ নরকিয়াকেও
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে বিদেশিরা সুযোগ পেতে পারেন: টিম সেইফার্ট, রভম্যান পাওয়েল।
গুজরাট টাইটানস
খেলতে পারবেন না: জাতীয় দলের হয়ে খেলা থাকার কারণে প্রথম কয়েক ম্যাচ খেলবেন না ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। এক ম্যাচ খেলার সম্ভাবনা নেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারের, জৈব সুরক্ষাবলয়ের মধ্যে আর থাকতে চান না, তাই নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে বিদেশিরা সুযোগ পেতে পারেন: রশিদ খান, লকি ফার্গুসন, ম্যাথু ওয়েড, রহমানউল্লাহ গুরবাজ।
সানরাইজার্স হায়দরাবাদ
খেলতে পারবেন না: বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ চলছে, সে কারণে সবচেয়ে বড় ক্ষতি খুব সম্ভবত হায়দরাবাদেরই হচ্ছে। দুই আফ্রিকান মার্কো ইয়ানসেন ও এইডেন মার্করামকে প্রথম কয়েক ম্যাচ পাবে না দলটি। অস্ট্রেলিয়ার শন অ্যাবটও পাকিস্তানের বিপক্ষে সিরিজের কারণে শুরুর কয়েক ম্যাচে খেলবেন না।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে চার বিদেশি সুযোগ পেতে পারেন: কেইন উইলিয়ামসন, রোমারিও শেফার্ড, নিকোলাস পুরান, গ্লেন ফিলিপস।
রাজস্থান রয়্যালস
খেলতে পারবেন না: বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন।
অনুপস্থিতিতে প্রথম একাদশে যে চার বিদেশি সুযোগ পেতে পারেন: জস বাটলার, শিমরন হেটমায়ার, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট।