আইপিএলের 'অপবাদ' মেনে নিচ্ছেন ধোনি

আইপিএল কেলেঙ্কারির কেন্দ্রেই ছিল চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বেশি কেলেঙ্কারির সূত্র মিলেছে এই দল থেকেই। সেই দলের অধিনায়কের অজান্তেই কি ঘটেছে এত কিছু? এমন একটা প্রশ্ন আছেই। তবে মহেন্দ্র সিং ধোনি তাঁর ভাবমূর্তিতে এখনো কালি লাগাতে দেননি। নিজের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে কাল পরিচয় করিয়ে দেওয়া হলো ধোনিকে। সেই অনুষ্ঠানে এসে ধোনি ছোট্ট একটি বাক্যে যেন স্বীকার করে নিলেন, আইপিএলের নামের সঙ্গে যে কলঙ্কের দাগ লেগেছে, সেটি এই টুর্নামেন্টের প্রাপ্যই ছিল।
দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে চেন্নাই আর রাজস্থান রয়্যালস। এই দুই দলের খেলোয়াড়েরা খুঁজে নিয়েছে নতুন দল। ধোনির নতুন ঠিকানা এখন পুনে। ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কাল কিন্তু পুরোনো পরিচয়টাকে একেবারে ঝেড়ে ফেলতে পারলেন না। চেন্নাই, আইপিএলের দুর্নীতি, লোধা কমিশনের সুপারিশ—নানা বিষয়ে প্রশ্নের মুখোমুখি হলেন।
ধোনিকে প্রতিটা ‘বল’ খেলতে হলো সতর্কতার সঙ্গে। লোধা কমিশনের সুপারিশ প্রসঙ্গে যেমন একটা শব্দও খরচ করবেন না বলে সাফ জানিয়ে দিলেন। তবে আইপিএল প্রসঙ্গে বললেন, ‘হ্যাঁ, আইপিএল ওর ভাগের বদনামটি ঠিকই পেয়েছে।’ অসমাপ্ত বাক্যে এর পরেই জুড়ে দিলেন, ‘কিন্তু ইতিবাচক দিকগুলোও দেখুন। এই মঞ্চ থেকে কত ঘরোয়া ক্রিকেটার উঠে আসছে। তরুণেরা চাপ কীভাবে সামলায়, সেটা দেখে নেওয়া যাচ্ছে। ভারতীয় ক্রিকেটের জন্য যা দুর্দান্ত।’
রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সি উন্মোচন করতে এসেও কিন্তু ‘চেন্নাইয়ান ধোনি’ বেরিয়ে এল, ‘চেন্নাই টিমকে মন থেকে একেবারে মুছে ফেলেছি, এটা বললে মিথ্যে বলা হবে। মানুষ হওয়ার এটাই তো বিশেষ দিক। আট বছরের সম্পর্কে আবেগ থাকবে না, এটা হতে পারে? আট বছর ধরে একটি দলে খেলেছি। এবার নতুন দল। অনুভূতিটা অবশ্যই অদ্ভুত। যদি সিএসকে আর চেন্নাইয়ের ভক্তদের ভালোবাসার কথা মনে না রাখি তাহলে খুবই অন্যায় হবে। চেন্নাইয়ের পুরোনো সতীর্থদের খুব মিস করব। আমি রাজনৈতিক কথা বললে বলতাম নতুন দলে খেলা নিয়ে আমি খুবই উত্তেজিত। তবে আমি সেরকম মানুষ নই।’
ধোনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর নতুন দল পুনেকে। তিনি উচ্ছ্বসিত নতুন দলে পুরোনো কোচ স্টিভেন ফ্লেমিংকে পেয়ে, ‘ফ্লেমিংকে পেলে সবকিছুই সহজ হয়ে যায়। আশা করছি নতুন দলেও ওর সঙ্গে আমার জমবে ভালো।’
জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিতর্কিত এক প্রশ্নের বাউন্সার ধেয়ে এসেছিল ধোনির দিকে। ওই যে স্পট ফিক্সিংয়ের ব্যাপার আর কি! ধোনি কিছু বলার আগেই এই বিব্রতকর অবস্থা থেকে তাঁকে রক্ষা করেন রাইজিং পুনের মালিক সঞ্জীব গোয়েনকা। বলেছেন, ‘আমাদের অধিনায়কের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগকেই আমরা পাত্তা দিই না। তাঁর ওপর আমাদের আস্থা অগাধ।’ সূত্র: পিটিআই।