আইপিএলের 'হল অব শেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের আরও একটি মৌসুম শেষ হলো। হায়দরাবাদে গত রাতে রাইজিং পুনে সুপার জায়ান্টের বিপক্ষে ১ রানের অবিশ্বাস্য এক জয়ে শিরোপা আবার নিজেদের করেছে মুম্বাই ইন্ডিয়ানস। জমজমাট এই লিগে অনেকে আলো হয়ে জ্বলেছেন, নিজেদের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দুর্দান্ত সব পারফরম্যান্সে দলের সাফল্যে ভূমিকা রেখেছেন। কিন্তু এবারের আইপিএলে বেশ কয়েকজন বড় তারকা ক্রিকেটার একেবারেই ভালো খেলতে পারেননি। আকাশসমান প্রত্যাশার সামনে তাঁরা ব্যর্থ হয়েছেন খুব বাজেভাবে। আইপিএলের দশক পূর্তির এই আসর তাঁদের জন্য দুঃস্বপ্ন হয়েই থাকছে।

মজার ব্যাপার, প্রথম তিনজনই খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। দলের মূল চার ভরসার তিনজনই এমন তালিকায়, বেঙ্গালুরু যে আইপিএলে সবার নিচে থাকবে, এটাই তো স্বাভাবিক!

ক্রিস গেইল
ক্রিস গেইল

ক্রিস গেইল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল ব্যর্থ! এমনও হয়! ক্রিকেটের ছোট সংস্করণের ‘সম্রাট’ হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাঁকে দলে নিলে যেখানে প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে ছাতু করে দেওয়ার নিশ্চয়তা মেলে, সেই গেইলই এবার ব্যর্থ। ৯ ম্যাচে করেছেন ২০০ রান। গেইলের মানে খুব বাজে পারফরম্যান্স।
গেইল নিজেও এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না। বেঙ্গালুরুর সমর্থকদের উদ্দেশে করা এক টুইটে রীতিমতো ক্ষমাই চেয়েছেন, ‘আমি সমর্থকদের কাছে ক্ষমা চাচ্ছি। এমন পারফরম্যান্সে আমরা সবাই দুঃখ পেয়েছি। তারপরেও অবাক লাগে, সমর্থকেরা ঠিকই মাঠে এসেছে এবং আমাদের সমর্থন জুগিয়েছে। আশা করছি, পরের মৌসুমে এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারব।’

এবি ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই ধরা হয় তাঁকে। তিন সংস্করণেই খেলতে পারেন পরিস্থিতির চাহিদা অনুযায়ী। সীমিত ওভারের ক্রিকেটে রীতিমতো বিধ্বংসী। এবি ডি ভিলিয়ার্সকে টি-টোয়েন্টি দলে নেওয়া মানেই হয়তো সাফল্যের নিশ্চিত সম্ভাবনা। কিন্তু দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান দ্রুতই ভুলে যেতে চাইবেন এবারের আইপিএল। যদিও আইপিএলে শুরুটা দুর্দান্তই করেছিলেন তিনি। পিঠের ব্যথার কারণে বেঙ্গালুরুর প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। মাঠে নেমেই খেলেছিলেন অপরাজিত ৮৯ রানের এক ইনিংস। কিন্তু এরপর তাঁর ব্যাট যেন কথা বলা বন্ধ করে দিল। ৯ ম্যাচে তাঁর রান ২১৬।
এবারের আইপিএল তাঁর জন্য খুব বড় ‘শিক্ষা’ বলেই মনে করেন ডি ভিলিয়ার্স, ‘হতাশাজনক একটা আইপিএল কাটালাম। অনেক কিছু শিখলামও। এই শিক্ষা পরেরবার কাজে আসবে।’

শেন ওয়াটসন
শেন ওয়াটসন

শেন ওয়াটসন (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
অস্ট্রেলীয় এই অলরাউন্ডার এই মুহূর্তে নিশ্চয়ই আইপিএলের কথা শুনতেই চাইবেন না। বেঙ্গালুরুর হয়ে খেলেতে নেমে তিনি এবার ভয়ংকর এক আইপিএল কাটিয়েছেন। ৮ ম্যাচে ব্যাট হাতে মাত্র ৭১ রান করেছেন। উইকেট নিয়েছেন ৫টি। শুরু থেকেই আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলা ওয়াটসন এবারের আইপিএলকে তাঁর ‘সবচেয়ে বাজে’ প্রতিযোগিতা বলেছেন। উইজডেন ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘সবচেয়ে বাজে আইপিএল কাটালাম। আমি বাজে খেলে দলকে ডুবিয়েছি। খুবই হতাশাজনক। অলরাউন্ডার হিসেবে আমার পারফরম্যান্স আমি ভুলে যেতে চাই।’

ইশান্ত শর্মা
ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)
মুরালি বিজয়ের বদলি হিসেবে কিংস ইলেভেন পাঞ্জাব দলে নিয়েছিল ভারতীয় পেসার ইশান্ত শর্মাকে। প্রথম নিলামে অবিক্রীত ছিলেন। পরে এ সিদ্ধান্ত বদলানোয় পাঞ্জাব অবশ্য আফসোসই করেছে। অভিজ্ঞ এই টেস্ট বোলার গোটা টুর্নামেন্টেই ছিলেন উইকেট-শূন্য। তাঁর বোলিং পরিসংখ্যান তাঁকে লজ্জা পাইয়ে দিচ্ছে, আইপিএলে ১৮ ওভার বল করে তিনি দিয়েছেন ১৭৯ রান! এমন পারফরম্যান্সের পর ভারতীয় নির্বাচকেরা তাঁকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখেন কী করে!

রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা (গুজরাট লায়নস)
এই রবীন্দ্র জাদেজাই একবার রেকর্ড গড়া দামে বিক্রি হয়েছিলেন আইপিএলে। এবারের আসরে গুজরাট লায়নসের হয়ে পারফরম্যান্সটা খুবই বাজে তাঁর। অথচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক টেস্ট সিরিজে কিন্তু দুর্দান্ত খেলেছেন তিনি। আইপিএলে কেন এত বাজে করলেন, সেটি বোঝা গেল না। ১২ ম্যাচে মাত্র ৫ উইকেট তাঁর। রান দিয়েছেন ৩৮ ওভারে ৩৪৯। পরিসংখ্যানটা ঠিক জাদেজার নামের সঙ্গে যাচ্ছে না।