জিম্বাবুয়ের ভাগ্য কাল আক্ষরিক অর্থেই সুতোয় ঝুলল। জন মুনির পা আর কয়েক সুতো বাইরে গেলেই হয়ে যেত! আউট না হয়ে ছয় পেয়ে যেতেন শন উইলিয়ামস। ম্যাচটাও তখন জয়ের প্রবল সম্ভাবনা ছিল জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত হোবার্টের মহানাটকীয় ম্যাচে ৩৩২ রানের পেছনে ছোটা জিম্বাবুয়ে হারল মাত্র ৫ রানে।
তীরে এসে এভাবে তরি ডোবায় শেষ আটের সব আশাই শেষ জিম্বাবুয়ের। অন্যদিকে চার ম্যাচে তিন জয়—কোয়ার্টার ফাইনালে পা রাখার আইরিশ-স্বপ্নে লাগল আরও রং।
৪৭তম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুললেন উইলিয়ামস। ক্যাচ ধরতে গিয়ে মুনির পা সীমানা দড়ি ছুঁয়েছে কি না বেশ কবার রিপ্লে দেখেও বোঝা যায়নি। থার্ড আম্পায়ার আউট দেওয়ার আগেই অবশ্য ড্রেসিংরুমে ফিরে গেছেন উইলিয়ামস, সেঞ্চুরি থেকে তখন মাত্র চার রান দূরে দাঁড়িয়ে!
পরের ওভারে পানিয়াঙ্গারাকেও হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। শেষ ২ ওভারে ২ উইকেট হাতে নিয়ে তাদের দরকার ছিল ২৬ রান। মুপারিওয়ার তাণ্ডবে ৪৯তম ওভারে এল ১৯। ৬ বলে ৭ রান, কিন্তু জিম্বাবুয়ে পারল না। অ্যালেক্স কুসাক তিন বলের মধ্যেই তুলে নিলেন শেষ ২ উইকেট। রান তাড়ায় নতুন বিশ্বকাপ রেকর্ড গড়তে গিয়েও ৫ রান দূরে থামতে হলো জিম্বাবুয়েকে।
মন খারাপ করেই জিম্বাবুয়ে মাঠ ছেড়েছে। তবে এই বিশ্বকাপে হোবার্টে প্রথম ম্যাচ দেখতে আসা হাজার চারেক দর্শক তাতে সমব্যথী হওয়ার চেয়ে খেলাটা উপভোগই করেছে বেশি। ৬৫৭ রান, ১৭ উইকেট, ২ সেঞ্চুরি, ২টি নড়বড়ে নব্বই। ম্যাচের গতিপ্রকৃতি বদলেছে বারবার। ওয়ানডের সত্যিকার রোমাঞ্চ উপভোগ করেই বাড়ি ফিরেছেন দর্শকেরা। ২০০৭ বিশ্বকাপেও দুদলের প্রথম ওয়ানডে উপহার দিয়েছিল শ্বাসরুদ্ধকর টাই।
১৭ ওভারের মধ্যে ৭৪ রানে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের। ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলর পঞ্চম উইকেটে উইলিয়ামসকে নিয়ে ১২৫ বলে ১৪৯ রান যোগ করে দলকে ম্যাচে ফেরালেন। ২০০৩ সালের পর প্রথম জিম্বাবুইয়ান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়া টেলর ৯১ বলে করেছেন ১২১। তাঁর বিদায়ের পর জিম্বাবুয়ের দরকার ছিল ৭৫ বলে ১০৯।
টস হেরে ব্যাট করে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৩৩১ রান করেছিল আয়ারল্যান্ড। ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন ইংল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হওয়া এড জয়েস। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে রানআউট হয়ে মাত্র ৩ রানের জন্য প্রথম সেঞ্চুরি পাননি অ্যান্ডি বালবার্নি। জয়েস-বালবার্নির তৃতীয় উইকেটে এসেছে ১৩৮ রান। জয়ের ভিত গড়া হয়ে গেছে এতেই।