আইরিশদের প্রোটিয়া-শিক্ষা

ম্যাচের গতিপথ একপ্রকার নির্ধারণ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংসের পরই। প্রতিপক্ষ ৪১১ রান তোলার পর জেতার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে যায় যেকোনো দলেরই। তবুও ‘দৈত্য-বধে’ বেশ পটু আয়ারল্যান্ড প্রোটিয়াদের কতটা কাঁপিয়ে দিতে পারে, দেখার বিষয় ছিল সেটিই। নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে আসা আইরিশরা আজ নতুন কোনো রূপকথার জন্ম দিতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ২০১ রানের বিশাল ব্যবধানে।
রানের পাহাড়ে পিষ্ট হওয়া আইরিশরা ব্যাট করতে নেমে শুরুতেই ডেল স্টেইন-কাইল অ্যাবটের তোপে দিশেহারা। ৪৮ রান তুলতেই ঝরা পাতার মতো টুপটুপ করে ঝরে পড়ল প্রথম ৫ উইকেট। আয়ারল্যান্ডের সামনে যখন রেকর্ড ব্যবধানে হারার শঙ্কা চোখ রাঙাচ্ছে, তখন ষষ্ঠ উইকেটে অ্যান্ডি বলবার্নি-কেভিন ও’ব্রায়েনের প্রতিরোধ। এ জুটিতে এল সর্বোচ্চ ৮১ রান। মরনে মরকেলের বলে ফেরার আগে বলবার্নির সংগ্রহ সর্বোচ্চ ৫৮ রান। ও’ব্রায়েন অবশ্য লড়াই চালান আরও কিছুক্ষণ। অ্যাবটের বলে ফেরার আগে তাঁর সংগ্রহ ৪৮ রান। বলবার্নি-কেভিন ও’ব্রায়েন জুটি ভাঙার পর আরেকটি বিপর্যয়। ৩৮ রানের ব্যবধানে নেই ৩ উইকেট। তবে আয়ারল্যান্ড ২০০ পেরিয়েছে মূলত জর্জ ডকরেল ও ম্যাক্স সরেনসনের নবম উইকেটে তোলা ৩৩ রানের কল্যাণে। শেষ অবধি আয়ারল্যান্ডের ইনিংস থামে ২১০ রান তুলে।
প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অ্যাবট আর মরকলের ঝুলিতে গেছে ৩টি। তবে নিজের শততম ম্যাচটা সম্পূর্ণ নিজের করে নিতে পারেননি স্টেইন। নিয়েছেন মাত্র দুটি উইকেট।
এর আগে হাশিম আমলার ১৫৯ আর ফাফ ডু প্লেসির ১০৯ রানের সঙ্গে রাইলি রুশো আর ডেভিড মিলারের টর্নেডো ইনিংসে ৪১১ রানের বিশাল সংগ্রহ দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৪০৮ রানের রেকর্ডটি ভেঙে দক্ষিণ আফ্রিকা নতুন করে লিখল নিজেদের গৌরবগাথা। এটিই বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।