আইরিশদের হারিয়ে আত্মবিশ্বাসী রুমানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সুপার সিক্সে ওঠার প্রথম লক্ষ্যটি পূরণ হয়েছে। এবার বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কঠিন লক্ষ্যটা পূরণ হবে? কাল কলম্বো ক্রিকেট ক্লাবে (সিসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সেটি পূরণে এক ধাপ এগিয়েছেন রুমানারা।
আইরিশদের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য বাংলাদেশ অনায়াসে পেরিয়েছে দুটি জুটির সৌজন্যে। ওপেনিং জুটিতে শারমিন আক্তার ও শারমিন সুলতানা করেন ৪০ রান। গ্যাবি লুইসের বলে লুসি ওরিলির ক্যাচ হওয়ার আগে শারমিন সুলতানা করেন ২২। ১৩ রানের মধ্যে সানজিদা ইসলাম ফিরে গেলে তৃতীয় উইকেটে শারমিন আক্তার-ফারজানা হকের ৫৩ রানের জুটি বাংলাদেশকে পৌঁছে দিয়েছে নিরাপদ জায়গায়। কায়রা মেটকাফের বলে আউট হওয়ার আগে শারমিন আক্তার করেছেন ৫২। এই টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। ৩৯.১ ওভারেই উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় জয় পেয়ে যায় বাংলাদেশ।
শারমিনের ব্যাটিংয়ের আগে বোলিংয়েই আসল কাজটি করে দিয়ে গেছেন পেসার জাহানারা আলম। টসে হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডকে জাহানারা শুরুতেই ধাক্কা দেন দুই আইরিশ ব্যাটারকে ফিরিয়ে। এই ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি তারা। আয়ারল্যান্ড অলআউট ১৪৪ রানে। ২১ রানে জাহানারা পেয়েছেন ৩ উইকেট, যেটি তাঁর ক্যারিয়ার-সেরা বোলিং।
সামনের দুই ম্যাচের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা। দুটিই খুব কঠিন লড়াই। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা রুমানাদের ওই দুই ম্যাচের জন্য জোগাচ্ছে আত্মবিশ্বাস। শ্রীলঙ্কা থেকে মুঠোফোনে মেয়েদের অধিনায়ক বললেন, ‘ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আয়ারল্যান্ডকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাসও বেড়েছে।’ কাল অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া ভারতের সেঙ্গ বাংলাদেশ খেলবে আগামীকাল। কিন্তু ভারতকেও এখন চ্যালেঞ্জটা ছুড়ে দিতে পারছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখানে সব দলই এসেছে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে। আমরাও বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখি। একেকটা ম্যাচ ধরে এগোচ্ছি আমরা। ভারতের বিপক্ষেও সর্বস্ব উজাড় করে লড়ব আমরা।’ জুনে বিশ্বকাপে অংশ নিতে হলে সুপার সিক্স শেষে শীর্ষ চারে থাকতে হবে বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড: ৪৭.১ ওভারে ১৪৪ (ডেলানি ৩৭, শিলিংটন ৩৭, জয়েস ২৪; জাহানারা ৩/২১, পান্না ২/১৬, খাদিজা ২/২৬, রুমানা ২/৫০, সালমা ১/২৯)। বাংলাদেশ: ৩৯.১ ওভারে ১৪৫/৩ (শারমিন আক্তার ৫২, ফারজানা ৩৪*, রুমানা ২৪*, শারমিন সুলতানা ২২; লুইস ১/৩১, মেটকাফে ১/৩৩)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: জাহানারা আলম।