আইসক্রিম খেতে খেতে অবিশ্বাস্য ক্যাচ!

গ্লেন ম্যাক্সওয়েল দুর্দান্ত একজন ফিল্ডার। মাঠে লাফিয়ে-ঝাঁপিয়ে প্রায়ই ধরেন চোখ-ধাঁধানো সব ক্যাচ। তাই বলে আইসক্রিম খেতে খেতে এক হাতে ক্যাচ! অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড করেই চারদিকে হইচই ফেলে দিয়েছেন এই অস্ট্রেলীয় অলরাউন্ডার। সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলছে ম্যাক্সওয়েলের এই ক্যাচের বিপুল বন্দনা!

ইয়র্কশায়ারের হয়ে তিনি সেদিন খেলছিলেন একটি চ্যারিটি ম্যাচে। প্রতিপক্ষ হিসেবে ছিল স্থানীয় একটি ভিলেজ দল বার্ডসলি। হালকা চালের খেলা, ম্যাক্সওয়েল নিজেও ছিলেন হালকা মেজাজে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে করতে হঠাৎই তাঁর ইচ্ছে হলো একটি কোন আইসক্রিমে কামড় বসাতে। আইসক্রিম ওয়ালার কাছ থেকে ওটা নিয়ে তাড়িয়ে খাওয়ার সময়ই লক্ষ্য করলেন ব্যাটসম্যান সপাটে ব্যাট হাঁকিয়ে তাঁর দিকেই তুলে দিয়েছেন একটি ক্যাচ। হতবুদ্ধি হলেও নিজেকে হারিয়ে বসলেন না তিনি। আইসক্রিমও ফেলে দিলেন না হাত থেকে। কোনটা এক হাতে ধরে রেখেই একটু দৌড়ে আরেক হাতে লুফে নিলেন অবিশ্বাস্য সেই ক্যাচ। দুর্ধর্ষ সেই ক্যাচটি ধরে মাঠের দর্শকদের বিপুল করতালি তিনি তো পেয়েছেনই। সঙ্গে বোনাস হিসেবে পেয়েছেন ব্যাটসম্যান এড ক্লাইটনের হাততালি।

এই ম্যাচে ব্যাট হাতে অবশ্য খুব বেশি কিছু করতে পারেননি তিনি। আউট হয়েছেন মাত্র ২৭ করেই। কিন্তু মাঠের চার দর্শক তাঁর ওই অবিশ্বাস্য ক্যাচটি যে অনেক দিন মনে রাখবে, সেটা বোধ হয় না বললেও চলে! সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া।