আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দ. আফ্রিকার রাজত্ব
আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকা। কাল প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষে দলটির দুই খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন। বছর শেষের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকানরা শীর্ষে নেই শুধু টেস্ট অলরাউন্ডারদের তালিকায়। বাংলাদেশের সাকিব আল হাসানই ধরে রেখেছেন এক নম্বর স্থানটা।
বোলিংয়ে অনেক দিন ধরেই এক নম্বর প্রোটিয়া ফাস্ট বোলার ডেল স্টেইন। কুমার সাঙ্গাকারার কাছ থেকে ব্যাটিংয়ের স্থানটা পুনরুদ্ধার করেছেন ডি ভিলিয়ার্স। ক্রাইস্টচার্চ টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭ রান করার মাশুল দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। তিন ও চার নম্বর স্থানটা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার অধিনায়ক হাশিম আমলা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ১৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্টিভেন স্মিথ দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচে। ক্রাইস্টচার্চে ১৩৪ বলে ১৯৫ রানের বিস্ফোরক ইনিংস নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে তুলে এসেছে ক্যারিয়ার-সেরা দ্বাদশ স্থানে।
ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা মুমিনুল হক (২৩তম)। বোলিংয়ে সাকিব আল হাসান (১৩তম)। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস। তাঁকে জায়গা দিতে এক ধাপ করে পিছিয়ে তিন, চার ও পাঁচে আছেন রঙ্গনা হেরাথ, ভারনন ফিল্যান্ডার ও মিচেল জনসন। অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সাকিবের পরেই আছেন দক্ষিণ আফ্রিকার ফিল্যান্ডার।
দক্ষিণ আফ্রিকার সামনে হাতছানি টেস্ট র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্ব স্মারক গদাটা ধরে রাখার। এ জন্য আগামীকাল থেকে শুরু হওয়া কেপটাউন টেস্টে হারা চলবে না তাদের। তবে দক্ষিণ আফ্রিকা যদি টেস্টটা হেরে যায় আর অস্ট্রেলিয়া জিতে নেয় সিডনি টেস্ট, তবে অস্ট্রেলিয়াই উঠে যাবে এক নম্বরে। তথ্যসূত্র: আইসিসি বিজ্ঞপ্তি।