আইসিসি থেকে সরতে হচ্ছে শ্রীনিবাসনকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীনিবাসন
শ্রীনিবাসন

‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’—নারায়ণস্বামী শ্রীনিবাসন এখন এমনটা ভাবতেই পারেন। ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) গৃহবিবাদের জেরেই যে শ্রীনির আইসিসির চেয়ারম্যান পদটা যায় যায়। বিসিসিআইয়ের অন্তর্দ্বন্দ্ব এতটাই চরমে যে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারাই আর শ্রীনিকে আইসিসির চেয়ারম্যান পদে দেখতে চাইছেন না।
ভারতীয় ক্রিকেটে শ্রীনিবাসনপন্থী ও শ্রীনিবাসনবিরোধী দুই পক্ষের বিরোধ অনেক দিন ধরেই সংবাদমাধ্যমের শিরোনাম। সেই বিরোধটাই আরও প্রকট হয়েছে শ্রীনিবাসনপন্থীরা বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে ‘সন্দেহভাজন জুয়াড়ি’ করণ গিলহোত্রার সঙ্গে দহরম-মহরমের অভিযোগ তুললে। এই অভিযোগের জেরেই শ্রীনির বিরুদ্ধ পক্ষ আইসিসি থেকে তাঁকে সরিয়ে দেওয়ার লড়াইয়ে নেমেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, এবারের আইপিএল শেষেই শ্রীনিবিরোধীরা বিশেষ সাধারণ সভা (এসজিএম) ডাকার পরিকল্পনা করছে। তবে বিসিসিআইয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, এসজিএমের দরকার নেই, আগামী সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভাতেই (এজিএম) এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
বসে নেই শ্রীনিবাসনপক্ষও। তারা নাকি বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়া ও সাবেক সভাপতি শারদ পাওয়ারের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, যাতে সচিব অনুরাগ ঠাকুরকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া যায়।
শেষ পর্যন্ত যা-ই হোক না কেন, লড়াইটা হাড্ডাহাড্ডিই হওয়ার কথা। ঠাকুর ক্ষমতাসীন বিজেপির একজন সাংসদ। বিসিসিআইয়ের কার্যকরী কমিটির বেশির ভাগ সদস্যই আছেন তাঁর পক্ষে। দলের মাথাদের প্রশ্রয়ও পাচ্ছেন তিনি। অন্যদিকে বোর্ডে শ্রীনির প্রতি সহানুভূতিশীল লোকেরও অভাব নেই।
শ্রীনির বিরোধীপক্ষের যুক্তি হলো, যেহেতু শ্রীনিবাসন এখন আর বোর্ডের কেউ নন, তাই আইসিসিতে তিনি বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করতে পারেন না। বিসিসিআইয়ের বড় এক কর্তা নতুন পরিস্থিতিকে দেখছেন এভাবে, ‘শ্রীনিবাসন ও ঠাকুরের এই বিরোধের পর বিসিসিআই কীভাবে শ্রীনিবাসনের স্বার্থ রক্ষা করবে? আগের পরিকল্পনা ছিল আগামী সেপ্টেম্বরের এজিএমে আইসিসিতে তাঁর থাকা না-থাকা নিয়ে আলোচনা হবে। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। আইসিসি থেকে তাকে সরিয়ে দেওয়াই উচিত।’
শ্রীনিকে সরাতে হলে বিসিসিআইয়ের দু-তৃতীয়াংশ সদস্যের ভোট পেতে হবে শ্রীনিবিরোধীদের। টাইমস অব ইন্ডিয়া।