আইসিসি বর্ষসেরা স্মিথ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন স্টিভেন স্মিথ। ব্যাট হাতে দারুণ একটা বছর কাটানোর স্বীকৃতিই হিসেবেই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২০১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার বেছে নিতে আইসিসি বিবেচনা করেছে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল। এই সময়ে পারফরম্যান্সের বিচারে স্মিথের প্রতিদ্বন্দ্বী কোথায়!
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২৩ ম্যাচে ১৬ সেঞ্চুরি স্মিথের। পুরস্কারের জন্য বিবেচিত সময়েই ৪১ ম্যাচে ১১টি সেঞ্চুরি তাঁর। টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস দুটিও এই সময়ে খেলা। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছেন, মাইকেল ক্লার্কের বিদায়ের পর অধিনায়কের দায়িত্বও বর্তেছে তাঁর কাঁধে।
বর্ষসেরার ট্রফিটা যেন অস্ট্রেলিয়ারই সম্পত্তি হয়ে গেছে। গতবার জিতেছিলেন বাঁহাতি ফাস্ট বোলার মিচেল জনসন। তার আগেরবার মাইকেল ক্লার্ক। সব মিলিয়ে ১২ বারের মধ্যে ছয়বারই বর্ষসেরা অস্ট্রেলীয়রা। তবে শুধু বর্ষসেরা ক্রিকেটারই নয়, স্মিথ পুরস্কার পেয়েছেন আরও একটি। টেস্টেও বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
বর্ষসেরার পুরস্কার জেতাটাকে ক্যারিয়ারের অন্যতম অর্জন বলছেন স্মিথ, ‘এত এত বড় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এ ধরনের পুরস্কার পাওয়া অবশ্যই বিশেষ কিছু। তবে সব সময়ই আমি দলীয় সাফল্যকে অগ্রাধিকার দিই।’
একই বছরে আইসিসির বর্ষসেরা ও টেস্ট সেরা হওয়া সপ্তম খেলোয়াড় হলেন স্মিথ। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), জ্যাক ক্যালিস (২০০৫), রিকি পন্টিং (২০০৬), কুমার সাঙ্গাকারা (২০১২), মাইকেল ক্লার্ক (২০১৩) ও মিচেল জনসন (২০১৪) একই বছরে দুই সেরার পুরস্কার পেয়েছিলেন।
ওয়ানডেতে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স। তাতে তাঁর রান ১২৬৫। গড় ৭৯ ছাড়ানো, স্ট্রাইক রেট ১২৮.৪! আর এই সময়েই ৩১ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও করেছেন ডি ভিলিয়ার্স। তিনি ছাড়া আর কেই-বা বর্ষসেরা হতে পারতেন!
টি-টোয়েন্টির জন্য আইসিসির পুরস্কারটির নাম ‘টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার’। সেই পুরস্কারও গেছে এক দক্ষিণ আফ্রিকানের কাছে। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংসটির জন্য পুরস্কারটি পেয়েছেন ফাফ ডু প্লেসি।
পুরস্কারের তালিকায় অবশ্য অস্ট্রেলিয়ানদের জয়জয়কার। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। মেয়েদের ক্রিকেটে আইসিসির বর্ষসেরাও একজন অস্ট্রেলিয়ান—অধিনায়ক মেগ ল্যানিং। আইসিসি বিজ্ঞপ্তি।
আইসিসি বর্ষসেরা
গ্যারি সোবার্স ট্রফি
স্টিভেন স্মিথ
টেস্ট ক্রিকেটার
স্টিভেন স্মিথ
ওয়ানডে ক্রিকেটার
এবি ডি ভিলিয়ার্স
নারী ওয়ানডে ক্রিকেটার
মেগ ল্যানিং
নারী টি-টোয়েন্টি ক্রিকেটার
স্টেফানি টেলর
টি-টোয়েন্টি পারফরম্যান্স
ফাফ ডু প্লেসি
উদীয়মান ক্রিকেটার
জশ হ্যাজলউড
ক্রিকেটার (সহযোগী দেশ)
খুররম খান
স্পিরিট অব ক্রিকেট
ব্রেন্ডন ম্যাককালাম
ডেভিড শেফার্ড ট্রফি
রিচার্ড কেটেলবরো