আইসিসি-বিসিবির ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্ল্যাডিয়েটর্সের মালিকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছয় কর্মকর্তার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অসততা ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে । আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি করেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী। আগামী বুধবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী নুরে হুদা সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
যাদের নামে মামলা হয়েছে তারা হলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন, আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) চেয়ারম্যান স্যার রোনাল্ড ফ্ল্যানাগান, আকসুর প্রধান যোগিন্দ্র পাল সিং, আকসু কর্মকর্তা ধর্মবীর যাদব, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ট ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

বাদী অভিযোগে উল্লেখ করেন, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি বিপিএলের দ্বিতীয় আসরে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চিটাগাং কিংসের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু ম্যাচ শুরুর আগে ওই কর্মকর্তারা জানতে পারেন ম্যাচটি ফিক্সিং হবে। বিপিএল স্পট ফিক্সিংয়ের রায়ে বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু ফিক্সিং বন্ধে কোনো উদ্যোগ নেননি তারা। এমনকি ম্যাচটি বন্ধের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি জানার পর কোনো উদ্যোগ গ্রহণ না করে তারা দেশ বিদেশের হাজার হাজার দর্শক ও দেশের মানুষের সঙ্গে প্রতারণা ও অসততার আশ্রয় নিয়েছেন। তাই ওই ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক।
বাদীর আইনজীবী মাহবুবুর রহমান আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ওই ছয়জন পরস্পর যোগসাজশে ম্যাচের আয়োজন করে দর্শকদের আর্থিক ক্ষতি, তাঁদের সঙ্গে প্রতারণা ও অসততার আশ্রয় নিয়েছেন। ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি তাঁরা আগে থেকে জানলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই অভিযোগ আনা হয়েছে।