আইসিসিও বলছে চট্টগ্রামের উইকেট বাজে!

বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে করেছে ৮২০, শ্রীলঙ্কা এক ইনিংসেই ৭১৩। চট্টগ্রাম টেস্টে রান উঠেছে ১৫৩৩, দিনপ্রতি ৩০৬। সেঞ্চুরি হয়েছে ৫টি। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েছেন তিন ব্যাটসম্যান। পাঁচ দিনে উইকেট পড়েছে ২৪টি। উইকেটপ্রতি রান উঠেছে ৬৩। ব্যাটিং-স্বর্গটা দুই দলের ব্যাটসম্যানদের কাছে ভালো লাগলেও আইসিসির দৃষ্টিতে উইকেটটা ‘আদর্শ’ মনে হয়নি।
ফ্ল্যাট উইকেটে রানের বন্যা বইয়েছে। শেষ দিনেও অসাধারণ ব্যাটিং করে বাংলাদেশ ম্যাচটা ড্র করেছে। তবে চট্টগ্রাম টেস্টের ম্যাচ রেফারি ডেভিড বুন উইকেটকে ‘আদর্শ’ বলছেন না। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছেন। আইসিসির পরিমার্জিত উইকেট ও আউটফিল্ড নীতিমালা অনুযায়ী, এমন আরও চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক বছরের জন্য নিষিদ্ধ হতে হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে।
আইসিসি জানিয়েছে, নিজের প্রতিবেদনে বুন লিখেছেন, উইকেট থেকে ফাস্ট বোলাররা নতুন বলেও কোনো মুভমেন্ট পায়নি। পুরো ম্যাচেই বাউন্স ছিল না খুব একটা। মাঝে মধ্যে একটু স্পিন ধরলেও ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে যতটা টার্ন আসার কথা ছিল, তা আসেনি। ফলে পাঁচ দিনই উইকেট এক তরফাভাবে ব্যাটসম্যানদের সাহায্য করে গেছে।
গত আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ডকে ‘বাজে’ বলেছিল আইসিসি। এতে দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছে মিরপুর।