আইসিসিকে অভিযোগ করবে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্নে আজ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এ ব্যাপারে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে বিসিবি।

ম্যাচের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আজকের বাজে আম্পায়ারিং নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব আইসিসির কাছে।’ ওদিকে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। স্বাভাবিকভাবেই তাঁর দিকেও প্রশ্ন, এ ব্যাপারে কী উদ্যোগ নেবে আইসিসি? মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন, ‘আগামী মাসে দুবাইয়ে আইসিসির সভায় বিষয়টি অবশ্যই তোলা হবে।’ তিনি প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করবেন কি না, এমন প্রসঙ্গে বললেন, ‘পদত্যাগ করলে তো আর ফলাফলে পরিবর্তন আসবে না’।