আইসিসিকে ডু প্লেসির তির
>দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মনে হচ্ছে, স্মিথ-কোহলির ক্ষেত্রে আইসিসির আচরণ ছিল নমনীয়

স্টিভেন স্মিথের দাবি, ওই মুহূর্তে তাঁর মাথা কাজ করছিল না। বিরাট কোহলি এই ব্যাখ্যা মানেননি। তাঁর অভিযোগ, স্টিভ স্মিথ সীমা ছাড়িয়ে গেছেন। প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ান অধিনায়কের সততা নিয়েও। এ নিয়ে দুজনের, দুই বোর্ডের বচসাও হয়েছে। আইসিসি অবশ্য দুজনের কাউকেই কোনো শাস্তি দেয়নি।
আর এতেই অবাক হয়েছেন পুরো ঘটনাটির বাইরে থাকা আরেকজন—ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের মনে হচ্ছে, স্মিথ-কোহলির ক্ষেত্রে আইসিসির আচরণ ছিল নমনীয়। বরং এর আগে তাঁর ক্ষেত্রে এর চেয়ে ছোট অপরাধে এর চেয়েও বেশি কঠোর ছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
কোহলি-স্মিথের বিতর্কটা এখনো তরতাজা। বেঙ্গালুরুতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে রিভিউ নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকান স্মিথ। এ নিয়েই খ্যাপা কোহলিসহ পুরো ভারত দল। তাঁদের চোখে এটি স্রেফ প্রতারণা, ডিআরএস আইনের লঙ্ঘন। অন্যদিকে স্মিথের চোখে সেটি ছিল ‘ব্রেইন-ফেইড’। এই বিতর্কে জড়ানোর জন্য অবশ্য দুজনের কেউই শাস্তি পাননি। তবে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ১৬ মার্চ রাঁচিতে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে ম্যাচ রেফারি দুই অধিনায়কের সঙ্গে কথা বলে তাঁদের দায়িত্ব আরেকবার মনে করিয়ে দেবেন।
এতেই অবাক ডু প্লেসি। এ নিয়ে কথা বলতে গিয়ে প্রোটিয়া অধিনায়ক টেনেছেন গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় তাঁর বিরুদ্ধে আনা বল টেম্পারিংয়ের অভিযোগের প্রসঙ্গ। হোবার্ট টেস্টে চুইংগাম চিবোতে থাকা অবস্থায় বলে লালা মাখানোর জন্য ডু প্লেসির ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়, দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়।
ডু প্লেসির চোখে সেটি ছিল স্মিথ-কোহলির বিতর্কের চেয়েও ছোট অপরাধ। আর এ কারণেই এখন আইসিসির এমন নিষ্ক্রিয়তায় বিস্মিত ৩২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান। গতকাল ডানেডিনে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র টেস্টের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ উঠতেই ডু প্লেসি বলে দিলেন, ‘আমি অবাক হয়েছি (কেউ শাস্তি না পাওয়ায়)। অস্ট্রেলিয়ায় আমি যা করেছি, সেটি তো এর তুলনায় অনেক ছোট অপরাধ মনে হয় আমার কাছে।’
তাঁর আর কোহলিদের বিরুদ্ধে আনা অভিযোগ দুটি ভিন্ন, শাস্তিও ভিন্ন হওয়ারই কথা। তবে দুটি ব্যাপারে আইসিসির আচরণে ভিন্নতা চোখে লেগেছে ডু প্লেসির, ‘অবশ্যই দুটি ঘটনা ভিন্ন। আমি অবাক হয়েছি যেভাবে সবকিছু ঘটছে, তা দেখে। হয়তো আমি নিজের দিক বিবেচনা করে কথা বলছি। তবে আমার মনে হয়েছে, আইসিসি আমার ব্যাপারে অনেক কঠোর ছিল। এমন কিছু (কোহলি-স্মিথের ঘটনা) যখন ঘটে, আইসিসি একই রকম আচরণ করবে বলেই আশা করবেন আপনি।’ ক্রিকইনফো।