আইসিসিকে রিচার্ডসের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন খেলোয়াড়ের আচরণের সমালোচনা করেছিল আইসিসি। দুবাইয়ে আইসিসির সর্বশেষ বৈঠকের পর ক্যারিবীয় ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনাও করা হচ্ছে বলে জানানো হয়েছে। ওই সূত্র ধরেই আইসিসিকে পাল্টা ধুয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডস। আইসিসির আচরণই পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। এরপর সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মারলন স্যামুয়েলসের টেবিলে পা তুলে দেওয়ার সেই কাণ্ড। আইসিসি কোনো ঘটনাকেই ভালোভাবে নেয়নি। গত রোববার দুবাইয়ে বৈঠকের পর আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কয়েকজন ক্যারিবীয় ক্রিকেটারের মন্তব্য ও আচরণ ছিল ‘অগ্রহণযোগ্য’ ও ক্রিকেটের জন্য ‘অসম্মানজনক’। এঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা আছে বলেও জানায় আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড অবশ্য খেলোয়াড়দের এই আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। তবে সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ভিভ রিভার্ডস মনে করেন, এ বিষয়ে আইসিসির মন্তব্যই অগ্রহণযোগ্য। অ্যান্টিগা অবজারভারকে ক্যারিবীয় কিংবদন্তি বলেছেন, ‘আপনি যদি ক্রিকেট-বিশ্বে আইসিসির প্রশাসনিক আচরণ দেখেন, ওদের নিয়ম কোনো দেশের জন্য প্রযোজ্য, কোনো দেশের জন্য প্রযোজ্য নয়। আমি ওদের প্রতি পাল্টা এ ক্ষোভ ঝাড়ছি, স্যামির মন্তব্য ঘিরে ওরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সে কারণে। কিছু বললেই ওরা বলে, এটা নিয়মের মধ্যে পড়ে না। তোমার এই হবে, তোমার ওই হবে।’ রয়টার্স।