আইসিসিকেই উল্টো তির ছুড়লেন কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলিই এবার কাঠগড়ায় তুলছেন সমালোচকদের। ফাইল ছবি
কোহলিই এবার কাঠগড়ায় তুলছেন সমালোচকদের। ফাইল ছবি

পিচ নিয়ে বিতর্ক ছিল। সমালোচনা ছিল। সব জোর গলায় প্রত্যাখ্যান করেছেন বিরাট কোহলি। বিরক্তি প্রকাশ করেছেন পিচ নিয়ে এত আলোচনা নিয়ে। কাল আইসিসির ম্যাচ রিপোর্টেও আনুষ্ঠানিকভাবে নাগপুর পিচকে ‘খারাপ’ রেটিং দেওয়া হয়েছে। এবার আইসিসিকেও একহাত নিয়ে নিলেন ভারতের টেস্ট অধিনায়ক। প্রশ্ন তুলছেন, কেন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পিচ নিয়ে কেউ কিছু বলে না!
সিরিজের তৃতীয় টেস্টে ১২৪ রানে জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজও জিতে নিয়েছে ভারত। ৯ বছর আর ১৫ সিরিজ পর এই প্রথম বিদেশের মাটিতে হেরেছে প্রোটিয়ারা। অবশ্য তার কৃতিত্ব ভারতের খেলোয়াড়দের চেয়েও টেস্টের উইকেটই বেশি পাচ্ছে। ঘরের মাঠের ফায়দা তুলতে এমন পিচ বানিয়ে ভারত ক্রিকেটীয় ভব্যতার সীমাও ছাড়িয়ে গেছে কি না এমন আলোচনাও হচ্ছিল ঢের।
এই বিষয়টিই পছন্দ হচ্ছে না কোহলির। পিচ নিয়ে সংবাদমাধ্যমের এত মাতামাতির সমালোচনা করে আজ সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক বললেন, ‘দক্ষিণ আফ্রিকাতেও তো ইনিংসে ৫০-এর কম রান হয়েছে তিন বার। কই, সেটি নিয়ে তো কিছু লেখা হয়নি। দক্ষিণ আফ্রিকায় ছয় বার ১০০-এর নিচে আউট হয়ে গেছে দলগুলো। তা নিয়ে কখনো সংবাদমাধ্যমে কোনো রিপোর্ট দেখলাম না।’
কোহলি নাকি জয়ের জন্য মরিয়া। ভালোবাসা আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই—এটাই তাঁর দর্শন। তাঁর বানিয়ে দেওয়া রেসিপি মেনেই কিউরেটরা নাকি এমন ​স্পিনের বিষমাখা উইকেট বানাচ্ছেন। তবে কোহলি বলছেন, ‘দেখুন, লিখতে চাইলে লেখাই যায়। এটা মনোভাব বা মতামতের ব্যাপার। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি এগুলো বুঝি না, এগুলো নিয়ে ভাবিও না। মানুষ যা ইচ্ছা তা-ই বলতে পারে। আমরা যা সবচেয়ে ভালো পারি তা-ই করে যাব।’

সংবাদমাধ্যমের, অন্য দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সমালোচনা না-ও মানতে পারেন কোহলি। কিন্তু গতকাল তো নাগপুর টেস্টের ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার জেফ ক্রোও তাঁর প্রতিবেদনে এই পিচকে ‘খারাপ’ বলেই রায় দিয়েছেন। নড়েচড়ে বসেছে আইসিসিও। শোনা যাচ্ছে, ভারতের জরিমানাও হতে পারে এমন উইকেট বানানোর জন্য।
‘মানুষ যা ইচ্ছা তা-ই বলতে পারে’—এই কথার জেরে সংবাদ সম্মেলনে আইসিসির প্রতিবেদন নিয়ে কোহলির মন্তব্য জানতে চাওয়া হয়। শুধু তো ‘মানুষ’ নয়, ক্রিকেটে অভিভাবক সংস্থাও তো এ নিয়ে অনেক কিছু বলছে। এ ক্ষেত্রে কোহলির জবাব, ওই সব ‘মানুষ’ এবং ‘আইসিসি’কে তিনি দেখছেন একই দৃষ্টিতে, ‘হ্যাঁ, আমি সবার কথাই বলছি (এমনকি আইসিসিও এর মধ্যে অন্তর্ভুক্ত)। শুধু যাঁরা লিখছেন সেই ব্যক্তিদের কথা শুধু বলছি না।’
ভারতের এমন উইকেট নিয়ে সবচেয়ে সোচ্চার ভারতেরই সংবাদমাধ্যম। এমনকি ভারত ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল ইএসপিএনক্রিকইনফোও এ নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করেছে। নিজ সংবাদমাধ্যমকে পাশে না পেয়েও বিরক্ত কোহলি, ‘প্রত্যেকটা মাঠে, সব অবস্থায় কিছু একটা লেখা সাধারণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যবশত, আমাদের দেশে অবস্থাটা হলো আমরা যেকোনো বিষয় নিয়ে একটু বেশি মাতামাতি করি। এখানে আমরা শুধু পিচ নিয়ে কথা বলছি। কিন্তু যখন দক্ষিণ আফ্রিকায় খারাপ করলাম, তখন কেউ পিচ নিয়ে বলেনি, বরং একমাত্র যা নিয়ে কথা বলেছে তা হলো আমরা কতটা বাজে খেলেছি। আমাদের মানসিকতাটাই এমন। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা টেকনিকের ভুল, আর যখন অতিথিরা খারাপ খেলে, তখন সব সময় পিচ নিয়েই কথা ওঠে।’
নাগপুর টেস্ট তিন দিনে শেষ হওয়ার পেছনে উইকেটের কৃতিত্ব দেখছেন সবাই। কোহলি তাই মনে করিয়ে দিলেন অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির গোলাপি বলের টেস্টের কথাও, ‘আমার মনে পড়ে না কেউ অ্যাডিলেড টেস্টের পিচ নিয়ে কিছু বলেছে। অথচ ওই টেস্টটি শেষ হয়ে গেছে আড়াই দিনের মধ্যেই। আমি তাই আমাদের পিচেও কোনো সমস্যা দেখছি না।’ তথ্যসূত্র: পিটিআই।