আইসিসিতে উৎসাহী নন নাজমুল

আ হ ম মুস্তফা কামালের পদত্যাগে শূন্য হওয়া সভাপতি পদ পূরণ করতে বাংলাদেশের কাছে নাম চেয়েছে আইসিসি। বিসিবি-প্রধান নাজমুল হাসান জানালেন, এটি নিয়ে আলোচনা করা হবে বোর্ডের আসন্ন সভায়। তিনি কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। কাল গুলশানে নিজের বাসায় আইসিসির প্রস্তাবসহ আলোচিত সাম্প্রতিক অনেক প্রসঙ্গেই কথা বললেন বোর্ডপ্রধান। জানালেন, প্রস্তাব পেয়েছেন নভেম্বরে দেশে একটি চার জাতি টুর্নামেন্ট আয়োজনের।
আইসিসির সভাপতির নাম দেওয়ার ক্ষেত্রে নাজমুল হাসান তুলে ধরলেন বেশ কিছু বাস্তবতা, ‘এই এক বছর বাংলাদেশেরই সভাপতি থাকার কথা। মেয়াদ পূর্ণ হতে আড়াই মাস বাকি। সে অনুযায়ী প্রথম সুযোগ বাংলাদেশকে দেওয়া হবে। এ ব্যাপারে বোর্ড সভায়ই সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের ক্রিকেটে কামাল সাহেবের অবদান অনেক। উনি একটা জায়গা থেকে ফিরে এসেছেন, ওইখানে আরেকজনের যাওয়া বেশ অস্বস্তিকর। সরকারের কাছে তো আমাদের জানতেই হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। আগেরবার তিনিই মনোনীত করেছিলেন। কেউ আবার আড়াই মাসের জন্য হতে চায় কি না, এটাও গুরুত্বপূর্ণ। তিন-চার দিনের মধ্যে সবকিছু জেনে যাব বলে আশা করছি।’
নাজমুল হাসান নিজে অবশ্য খুব একটা আগ্রহী নন, ‘যদি আইসিসির কারণে বিসিবি ছাড়তে হয় তাহলে সমস্যা। আমার কাছে আইসিসির চেয়ে বিসিবি অনেক বড়। আড়াই মাসের জন্য বিসিবি থেকে ছেড়ে যাওয়ার কারণ দেখি না।’
আগেই বলেছেন, মুস্তফা কামালের পদত্যাগে আইসিসির সঙ্গে টানাপোড়েন বাংলাদেশের সঙ্গে আইসিসি বা বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না। তবে নাজমুল হাসান স্বীকার করছেন, ‘আন্তর্জাতিকভাবে আমরা একটা ধাক্কা খেয়েছি।’ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও ভেবেছিলেন, যাবেন না। কিন্তু এখন মত বদলে ঠিক করেছেন, ভারত যাবেন। উদ্দেশ্য পরিষ্কার, দূরত্ব কিছু সৃষ্টি হলে মিটিয়ে ফেলা। ‘ধাক্কা’ সামলে ওঠার সব চেষ্টাই করতে চান, ‘গতকালই আমাকে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ফোন করেছিলেন। আরও অনেকে ফোন করেছে। নতুন গঠনতন্ত্রে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সব সময় একটা বড় ভূমিকা রাখতে পারে। আমি সবার সঙ্গেই কথা বলেছি। কিছু সমস্যা হতে পারে এমন আশঙ্কা দূর করার জন্য যা যা করা দরকার তাই-ই করছি আমি। কামাল সাহেব যেটা করেছেন সেটাকে আমি ভুল বলছি না। ওনার জায়গায় আমি হলে আমিও করতাম। কিন্তু তার জন্য আমাদের এফটিপি চলে যাবে এটা তো হয় না।’
মুস্তফা কামাল আম্পায়ারদের সততা নিয়ে প্রশ্ন তোলায়ও বেশ ঝামেলা পোহাতে হয়েছে বিসিবিকে, ‘আমাদের এখানে এখন আইসিসির আম্পায়ার আসতে চাচ্ছে না। বলা হচ্ছে আম্পায়ারদের নিরাপত্তা নিয়ে। পাকিস্তান বলছে, আমাদের আম্পায়াররা বাংলাদেশে যেতে ভয় পাচ্ছে। কারণ ওই ম্যাচে আম্পায়ার ছিলেন আলিম দার। যদিও বলেছে আনঅফিশিয়ালি। ভারতের বিপক্ষে ম্যাচের পর এখানে আম্পায়ারদের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল। স্বাভাবিকভাবেই কিছুটা উদ্বেগ হতেই পারে। তবে শঙ্কার কিছু নেই। আমাদের ক্রিকেটে এসবের প্রভাব পড়বে না। আমরা এগিয়ে যাব।’
বিশ্বকাপে দলের দারুণ পারফরম্যান্সে ক্রিকেট-বিশ্বে ভাবমূর্তি যেভাবে উজ্জ্বল হয়েছে, সেটা ধরে রাখতে চান বোর্ডপ্রধান, ‘আইসিসির পরবর্তী সভায় আমি জানতে চাইব, কেন কামাল সাহেবকে দিয়ে ট্রফি দেওয়া হলো না। তবে এমন কিছু করব না যা আমাদের ক্রিকেটের জন্য ক্ষতিকর হবে। আমাদের এখানে আগে কেউ আসতেই চাইত না। এখন তো একের পর এক টুর্নামেন্ট রয়েছে।’
বিশ্বকাপ চলাকালেই নাজমুল হাসান প্রস্তাব পেয়েছেন চার জাতির টুর্নামেন্ট আয়োজনের। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়েকে নিয়ে সেই টুর্নামেন্ট হতে পারে নভেম্বরে।