আইসিসির আগস্টের সেরা রুট

আইসিসির আগস্ট মাসের সেরা ইংল্যান্ড অধিনায়ক জো রুটছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটাই স্বপ্নের মতোই কাটছে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। আগস্ট মাসটা আরও দুর্দান্ত তাঁর। এ মাসে আইসিসির ছেলেদের বিভাগে সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। দুই ফাস্ট বোলার, ভারতের যশপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদিকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন রুট। আগস্টে মেয়েদের বিভাগে সেরা ক্রিকেটার হয়েছেন আয়ারল্যান্ড অলরাউন্ডার এইমিয়ার রিচার্ডসন।

আগস্ট মাসে ভারতের বিপক্ষে সিরিজে তিনটি টেস্ট খেলেছেন রুট। তিনটিতেই করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে করেছেন ৫০৭ রান। লর্ডসে অপরাজিত ১৮০ রানের ইনিংসের পর কেইন উইলিয়ামসনকে টপকে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও উঠেছেন তিনি। ভারতীয় দলে করোনাভাইরাস শঙ্কায় ওল্ড ট্রাফোর্ড টেস্ট ‘বাতিল’ হয়ে যাওয়ার পর সিরিজটা এখনো অমীমাংসিত থেকে গেছে, অমীমাংসিত থেকে গেছে রুটের সিরিজ-সেরা হওয়াটাও।

বছরটাই স্বপ্নের মতো কাটছে রুটের
ছবি: রয়টার্স

রুটকে নিয়ে শুধু মুগ্ধতার কথাই জানিয়েছেন আইসিসির ভোটিং একাডেমির সদস্য সাবেক দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার জেপি ডুমিনি, ‘অধিনায়ক হিসেবে কাঁধে যে প্রত্যাশা ও দায়িত্বের চাপ, এরপরও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে। টেস্টেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। আমি সত্যিই মুগ্ধ।’

অন্যদিকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের পারফরম্যান্সে সেরা হয়েছেন রিচার্ডসন। সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ৪.১৯ ইকোনমি রেটে ৭ উইকেট নিয়েছেন এ অফস্পিনার। সঙ্গে ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে ৪৯ বলে ৫৩ রানের ইনিংসও আছে তাঁর।

সতীর্থ গ্যাবি লুইস ও থাইল্যান্ডের নাট্টয়া বুচাথামকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন ৩৫ বছর বয়সী এ নারী ক্রিকেটার।

সতীর্থ গ্যাবি লুইস ও থাইল্যান্ডের নাট্টয়া বুচাথামকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন ৩৫ বছর বয়সী এইমিয়ার রিচার্ডসন
টুইটার

স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত রিচার্ডসন, ‘আইসিসির মেয়েদের বিভাগে আগস্টের সেরার মনোনয়ন পাওয়াটাই দারুণ। আর জেতাটা তো অসাধারণ, আমি সত্যিই কৃতজ্ঞ। ইউরোপিয়ান বাছাইপর্বে দলের পারফরম্যান্সে অবদান রাখতে পারাটা ভালো ব্যাপার, এবং আমরা পরের পর্বে গেছি।’

এ বছরের শুরু থেকে প্রতি মাসে ছেলে ও মেয়েদের বিভাগ থেকে একজন করে সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এ পুরস্কার জিতেছেন দুজন। মে মাসে মুশফিকুর রহিমের পর জুলাই মাসে সেরা হয়েছিলেন সাকিব আল হাসান।