আইসিসির ছাড়পত্রের অপেক্ষায় আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ আগস্ট পার হতেই শেষ হয়ে গেছে বিসিবির অধীনে সব ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে মোহাম্মদ আশরাফুলের তিন বছরের নিষেধাজ্ঞা। আইসিসির ছাড়পত্র পেলে এখন থেকে বিপিএল ছাড়া ঘরোয়া ক্রিকেটের যেকোনো প্রতিযোগিতায় খেলতে পারবেন তিনি। তবে ২০১৮ সালের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন না।
আশরাফুল কাল সন্ধ্যায় মুঠোফোনে বলছিলেন, ‘যেদিন বহিষ্কৃত হলাম, সেদিন থেকেই এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভালো লাগছে অবশ্যই। খেলাই আমার সবকিছু ছিল। এখন আবার সেই খেলায় ফিরতে পারব। এর চেয়ে ভালো আর কী হতে পারে!’ ব্যক্তিগত সফরে গত কিছুদিন লন্ডনে কাটানোর পর কাল সকালে দেশে ফিরেছেন আশরাফুল।
আশরাফুলের জন্য আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্রিকেটের দরজা খুলে দিতে বিসিবি এখন আইসিসির চিঠির অপেক্ষায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী কাল বলেছেন, ‘আশরাফুলের স্থগিতাদেশ ১৩ আগস্ট (গতকাল) শেষ হয়ে যাওয়ার কথা। তবে কিছু শর্ত ছিল। আশরাফুল সেগুলো পূরণ করে থাকলে আইসিসি থেকে সার্টিফিকেট অব গুড কন্ডাক্ট নামে একটা ছাড়পত্র আসবে। আইসিসির কাছে আমরা সেটা চেয়েছি। সার্টিফিকেটটা এলে ও বিপিএল টি-টোয়েন্টি ছাড়া যেকোনো ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবে।’ আগামী দু-এক দিনের মধ্যেই ছাড়পত্র চলে আসবে বলে জানিয়েছেন তিনি।
২০১৩ বিপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পরের বছরের জুনে বিসিবির দুর্নীতি দমন ট্রাইব্যুনাল আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ ও ১০ লাখ টাকা জরিমানা করেন। ওই বছরেরই সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়, তবে সঙ্গে ছিল দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞা। পরে শাস্তি কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ব্যর্থ হয়েছে বিসিবি ও আইসিসি।