আইসিসির পাঁচ-ছয়টি টুর্নামেন্ট চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিসিবি চেয়ারম্যান এহসান মানি। ছবি: এএফপি
পিসিবি চেয়ারম্যান এহসান মানি। ছবি: এএফপি
>আইসিসির ভবিষ্যৎ সফরসূচির পরিকল্পনায় পরের চক্র, অর্থাৎ ২০২৩ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির যত ইভেন্ট আছে, তার পাঁচ থেকে ছয়টির আয়োজক হতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান

সেই ১৯৫২ সালে আইসিসির সদস্যপদ পাওয়ার পর থেকে এত বছরে শুধু আইসিসির দুটি ইভেন্টই পেয়েছে পাকিস্তান। ১৯৮৭ আর ১৯৯৬ বিশ্বকাপ। দুটিই যৌথ আয়োজনে। ২০১১ বিশ্বকাপেও বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক হিসেবে ছিল পাকিস্তানের নাম। কিন্তু ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার জেরে সেবার পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ হয়নি।

আইসিসির ইভেন্ট নিয়ে দেশের হাহাকার ঘোচানোর মহাপরিকল্পনা নিয়েই যেন এবার নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির ভবিষ্যৎ সফরসূচির পরিকল্পনায় পরের চক্র, অর্থাৎ ২০২৩ থেকে ২০৩১ সালের মধ্যে আইসিসির যত ইভেন্ট আছে, তার পাঁচ থেকে ছয়টির আয়োজক হতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। অবশ্য এককভাবে নয়, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে আয়োজক হবে তারা।

পিসিবি চেয়ারম্যান এহসান মানি এক পডকাস্টে (অনলাইন আলোচনায়) বলেছেন, ‘আমরা পাঁচ-ছয়টি টুর্নামেন্ট আয়োজনে ইচ্ছার কথা জানিয়েছি। তবে সত্যি বলতে, এক-দুটির বেশি টুর্নামেন্ট হয়তো পাব না। তবে আমরা গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আরেকটি দেশকে নিয়ে যৌথভাবে আয়োজনের প্রস্তাব দিয়েছি।’ এ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পিসিবির আলোচনা চলছে জানিয়ে মানি বললেন, ‘কিছু ইভেন্ট আছে ১৬ ম্যাচের, কিছু আছে ৩০-৪০ ম্যাচের। টুর্নামেন্টে ম্যাচের সংখ্যার ওপর ভিত্তি করে আমরা কাজের চাপটা ভাগাভাগি করে নিতে পারি।’

এ ব্যাপারে সরকারের সহযোগিতাও পাচ্ছেন বলে জানিয়েছেন মানি, ‘আমাদের ইচ্ছাটা যে অনেক বেশি, সেটা ভালোভাবে বোঝানোর পরিকল্পনা নিয়েই নামছি আমরা। এ ব্যাপারে সরকারের পুরো সহযোগিতাও পাব আমরা।’

২০২৩-৩১ চক্রের টুর্নামেন্টগুলোর আয়োজক আইসিসি নির্ধারণ করবে নিলামের মাধ্যমে। আইসিসির প্রধান নির্বাহী মানু সাহনি আয়োজক হতে সদস্যদের অনুপ্রাণিত করতে গত কয়েক মাসে বেশ কিছু দেশে ঘোরাঘুরি করেছেন। সেটির ফলও মিলেছে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত প্রস্তাবিত ২৮টি ইভেন্টের জন্য ১০০-র বেশি প্রস্তাব এসেছে!