আইসিসির প্রথম নির্বাচিত চেয়ারম্যান মনোহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শশাঙ্ক মনোহর
শশাঙ্ক মনোহর

আইসিসিতে স্বাধীন চেয়ারম্যান নির্বাচনের আইনটা হয়েছে তাঁর হাত ধরেই। এবার সেই চেয়ারম্যানের দায়িত্বও পড়ল শশাঙ্ক মনোহরের ওপর। গতকাল আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি।
নির্বাচিত, তবে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি মনোহরকে। সর্বসম্মতভাবেই নির্বাচিত হয়েছেন ৫৮ বছর বয়সী ভারতীয় আইনজীবী। আইসিসি গতকাল বিবৃতিতে জানিয়েছে, ২৩ মে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু শুধু একজনই (মনোহর) প্রার্থী হওয়ায় আগেভাগেই আইসিসি চেয়ারম্যানের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে।
দুই বছরের জন্য অবৈতনিক আইসিসি-প্রধানের দায়িত্ব পাচ্ছেন মনোহর। গত নভেম্বরে অবশ্য ভারতীয় বোর্ডের সভাপতি হওয়ায় পদাধিকারবলে দায়িত্বটা পেয়েছিলেন। সেবার দায়িত্ব নিয়েই গঠনতন্ত্রে ‘তিন প্রধান’ নীতিতে বদল এনেছিলেন। সঙ্গে নিয়ম করে দিয়েছিলেন, আইসিসির প্রধান হবেন পুরোপুরি স্বাধীন, কোনো দেশের বোর্ডের কেউ নন।
এই নিয়মের কারণেই গত মঙ্গলবার বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ান মনোহর। কাল আইসিসি চেয়ারম্যানও হয়ে গেলেন। যা হয়ে প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিকেট বিস্তারের, ‘সবচেয়ে বড় লক্ষ্য খেলাটাকে আরও ছড়িয়ে দেওয়া, আর সমর্থকদের একটা নতুন প্রজন্মকে খেলার সঙ্গে আরও সম্পৃক্ত করা। ক্রিকেটের ভবিষ্যৎকে আরও সুন্দর করে তুলতে আইসিসির সব পক্ষের সঙ্গে মিলে কাজ করতে আমি উদ্গ্রীব।’ ক্রিকইনফো।