আইসিসির প্রস্তাব মানে না ভারত
প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোতে বেশ কিছু বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে শেষ হয়েছিল আইসিসির সভা। আরও পরিমার্জনার পর সেগুলো আগামী মাসে আইসিসির পরবর্তী সভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
আইসিসির সর্বশেষ সভায় ‘বিগ-থ্রি’ নীতি বাতিল করে নতুন একটি সুষম অর্থনৈতিক বণ্টনপদ্ধতিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। বিসিসিআই জানিয়ে দিয়েছে নতুন এই অর্থনৈতিক মডেল তারা মানে না। গত রোববার আইসিসি প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ান হিগিনসকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি লিখেছেন, ‘এই প্রস্তাব বাস্তবায়িত হলে তা আইসিসির ধরন বদলে দেবে, নেতিবাচক প্রভাব পড়বে সদস্যদের স্বায়ত্তশাসনে।’ বিসিসিআই নতুন অর্থনৈতিক মডেলকে বলছে ‘বিধিবহির্ভূত’ ও ‘অগ্রহণযোগ্য’। অর্থনৈতিক বণ্টনপদ্ধতিকে তারা ‘অবৈজ্ঞানিক পদ্ধতি’ হিসেবেও মনে করছে।
২০১৪ সালে পাস হওয়া ‘বিগ-থ্রি’ নীতির ধারণা থেকে সরে আসতে চেয়েছে আইসিসি। নতুন অর্থনৈতিক মডেলে চেষ্টা করা হয়েছে সাম্য নিয়ে আসার। আইসিসির নতুন অর্থনৈতিক মডেলে এক হাজার কোটি টাকারও বেশি আয় কমে যাবে ভারতের। এই মডেলের বিরোধিতা করে বিসিসিআই প্রধান নির্বাহী আইসিসিকে লিখেছেন, ‘প্রস্তাবিত নতুন অর্থনৈতিক রূপরেখা নিয়ে যেকোনো আলোচনা হতে হবে স্পষ্ট লিখিত ও গ্রহণযোগ্য নীতিতে। আইসিসির আয়ে বিসিসিআইয়ের যে অবদান, সেটির প্রতিফলন থাকতেই হবে। এসব কারণেই আমরা প্রস্তাবিত অর্থনৈতিক মডেল নিয়ে একমত নই।’
এ ছাড়া আইসিসি চেয়ারম্যানের ক্ষমতা পুনর্মূল্যায়নের দাবি তুলেছে বিসিসিআই। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই পদত্যাগ করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সদ্য বিদায়ী আইসিসি প্রধানের সঙ্গে বিসিসিআইয়ের এতটাই তিক্ত অভিজ্ঞতা, তারা হয়তো পরবর্তী আইসিসির প্রধানকে আর সর্বেসর্বা হিসেবে দেখতে চায় না। একজন ভারতীয় হয়েও আইসিসিতে ভারতের আধিপত্য কমাতে বড় ভূমিকা রেখেছিলেন মনোহর। ক্রিকইনফো।