আইসিসির প্রস্তাবে বিসিবির 'না'
প্রস্তাবটা পাস হলে তখন আর স্থায়ীভাবে আইসিসির পূর্ণ সদস্য বলে কিছু থাকবে না। পারফরম্যান্স খারাপ হলে কোনো দেশ পূর্ণ সদস্যের মর্যাদা হারিয়ে হয়ে যেতে পারে সহযোগী সদস্য। এ কারণেই আইসিসির সংবিধানে প্রস্তাবিত নতুন একটি ধারার বিরোধিতা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির সভাপতি নাজমুল হাসান মনে করেন, আইসিসির পূর্ণ সদস্য মর্যাদা হওয়া উচিত অপরিবর্তনীয়।
পারফরম্যান্স খারাপ হলে আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোকে সহযোগী সদস্য বানিয়ে দেওয়ার একটা নতুন ধারার প্রস্তাব রাখা হয়েছে আইসিসির সংবিধান সংশোধনীতে। গত ফেব্রুয়ারিতে নীতিগতভাবে ওই ধারা অনুমোদনের পর দুবাইতে আইসিসির চলমান সভায় সেটি চূড়ান্তভাবে অনুমোদন হওয়ার কথা। এই ধারা অনুযায়ী, পূর্ণ সদস্য মর্যাদা ধরে রাখতে হলে আট বছরের চক্রের মধ্যে একটি দেশকে আইসিসির ইভেন্টে অন্য একটি পূর্ণ সদস্যদেশের বিপক্ষে অন্তত একটি ম্যাচ জিততে হবে। এর পাশাপাশি পূর্ণ সদস্য যেকোনো দুটি দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে জিততে হবে অন্তত চারটি ম্যাচ।
ক্রিকইনফো জানিয়েছে, বিসিবিসহ আরও কয়েকটি বোর্ড এই ধারার ব্যাপারে আপত্তি তুলেছে। তবে বিসিবির আপত্তি আলাদা করে গুরুত্ব পাচ্ছে, কারণ আইসিসির যে কমিটি নতুন এই ধারার প্রস্তাব করেছে, বিসিবির সভাপতি নাজমুল হাসানও সেই কমিটির সদস্য ছিলেন। নাজমুল হাসান অবশ্য দাবি করেছেন, ওই কমিটির বৈঠকেই তিনি এ বিষয়ে আপত্তি তুলেছিলেন। তবে সেটি শোনেননি কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যরা।
আইসিসির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াইন হিগিংসকে লেখা এক চিঠিতে তাই নাজমুল হাসান বলেছেন, ‘প্রস্তাবিত সংবিধানের খসড়া পর্যালোচনা করে বিসিবি এই অবস্থান নিয়েছে যে, কোনো পরিস্থিতিতেই পূর্ণ সদস্যদেশগুলোর মর্যাদা ঝুঁকির মধ্যে ফেলা ঠিক হবে না। বরং এটা অপরিবর্তনীয় হিসেবে রাখা উচিত।’ গত রোববার অনুষ্ঠিত বিসিবির সভায় এ ব্যাপারে বোর্ড সদস্যদের মতামত নিয়েছিলেন সভাপতি।
হিগিংসকে লেখা চিঠিতে বিসিবির সভাপতির পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রস্তাবিত ধারাটি শুধু আইসিসির সহযোগী সদস্যদেশগুলোর জন্য প্রযোজ্য হতে পারে। বিশেষ করে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মতো দেশ, যাদের সাময়িকভাবে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে যখনই একটা দেশ অস্থায়ী পূর্ণ সদস্যের মর্যাদা থেকে স্থায়ী পূর্ণ সদস্যের মর্যাদা পেয়ে যাবে, সেটা অপরিবর্তনীয় রাখতে হবে। ক্রিকইনফো।