আউটগুলো ছিল খুব দৃষ্টিকটু

>সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম মনে করেন ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। দলের ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনও দৃষ্টিকটু মনে হয়েছে তাঁর কাছে।
ভারতের বিপক্ষে আরও একবার আমরা খুব কাছে গিয়ে হারলাম। আক্ষেপ নিয়ে শেষ করলাম আরও একটি লড়াই। ভারত কাল এজবাস্টনে বাংলাদেশকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছিল, কিন্তু সেগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারেনি আমাদের দল। আমার মনে হয় ভারতের বিপক্ষে ম্যাচে মানসিক ব্যাপারটা প্রকট হয়ে ওঠে বাংলাদেশের। ভারত অনেক শক্তিশালী দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মানসিক দুর্বলতার কারণে আমরা আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারি না। আর উল্টো দিকে আমাদের ক্রিকেটারদের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো মাথায় নিয়ে মাঠে নেমে সে অনুযায়ী পরিকল্পনাগুলো চমৎকারভাবে কাজে লাগায় বিরাট কোহলির দল।
কাল টসটা জেতা দরকার ছিল। আমাদের দুর্ভাগ্য আমরা জিততে পারিনি। টসের ওপর আমাদের হাত নেই। তাই ওটা নিয়ে বেশি কথা বলেও লাভ নেই। কিন্তু যা কিছু আমাদের হাতে ছিল, সেসব কী আমরা ঠিকঠাক কাজে লাগাতে পেরেছি। রোহিত শর্মার মতো ক্রিকেটারের ক্যাচ যদি পড়ে যায়, তাহলে আপনি ভারতকে আটকাবেন কীভাবে! তামিম খুব ভালো ক্যাচ নেয়। কিন্তু কালকে পারল না। এটিকে কেবল ক্রিকেটীয় ভুল হিসেবে বলা বোধ হয় ঠিক হবে না। ক্যাচটি নেওয়ার সময় তামিম মৌলিক জায়গায় ভুল করেছে। শরীরটাকে বলের নিচে যেভাবে নেওয়া উচিত ছিল সেটি পারেনি। আমরা তার খেসারত দিয়েছি। রোহিত সেঞ্চুরি করে কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়েছে। কালকের ম্যাচে ভারতের ওপেনিং জুটিটা ছিল দুর্দান্ত। এই জুটিটাই আমাদের ম্যাচটা কঠিন করে দিয়েছে।
লোকেশ রাহুল কালকের ম্যাচের আগে খুব ভালো ফর্মে ছিলেন না। আমাদের তাঁর দুর্বলতাকে কাজে লাগানো উচিত ছিল, সেটি আমরা পারিনি। নতুন বলে সে একটু আড়ষ্ট থাকে, কিন্তু আমরা তো কাল নতুন বলের ব্যবহারই ঠিকমতো করতে পারিনি।
সাকিব আল হাসানকে নিয়ে আর কী বলব! সে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এবারের বিশ্বকাপে দেখছি তাঁর প্রায়োগিক সক্ষমতা অনেক বেড়ে গেছে। এটি এখন বিশ্বমানের। শট নির্বাচনও বিশ্বের সেরা ক্রিকেটারদের মতোই। সাকিব বিশ্বকাপে বাংলাদেশকে প্রায় একাই টানল। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে যদি তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের ধারাবাহিকতা যোগ হতো, তাহলে দলের কোনো চিন্তাই থাকত না। কাল ভারতের বিপক্ষে সাকিব এমন একটা সময় ব্যাটিংয়ে নামল, যখন হঠাৎ করেই তামিম ফিরে গেছে। কিন্তু সে যেভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়ে গেল, এটা চমৎকার। তাঁর সতীর্থদের অনেক কিছুই শেখার আছে এই খেলোয়াড়টির কাছ থেকে। কাল সাকিব জুটি গড়ার অনেক চেষ্টা করে গেছে। কিন্তু একটা ভালো জুটি দাঁড়াল না। প্রথমে সৌম্য, পরে মুশফিক, লিটন, কেউই নিজেদের সাকিবের সঙ্গে খাপ খাওয়াতে পারল না। আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে তামিম, সৌম্য, মুশফিক, লিটনদের আউট হওয়ার ধরন। প্রত্যেকেই সেট হয়ে ফিরেছেন। প্রত্যেকেরই ইনিংসে শুরুটা হয়েছিল। প্রতিটি আউটেই মনে হয়েছে ভারতীয় অধিনায়ক কোহলির পাতা ফাঁদে পা দিয়েছেন আমাদের ব্যাটসম্যানরা।
সাইফউদ্দিন এত ভালো করবে ভাবিনি। এই খেলোয়াড়টিকে যত দেখছি অবাক হচ্ছি। সব সময়ই সে দলের জন্য অবদান রাখতে চায়। অসম্ভব সাহসী। কী দারুণ ব্যাটিংটাই না করল সে। ওর ব্যাটিং দেখে আক্ষেপ হলো সাকিবের মতো আর একজন সিনিয়র যদি ৭০/৮০ রানের ইনিংস খেলতে পারত! সে সুযোগ তো তাদের ছিলই। সে সুযোগ হেলায় হারিয়েছেন তারা। সাব্বিরও লড়েছে। কিন্তু সে সাইফউদ্দিনের মতো মাটি কামড়ে পড়ে থাকতে পারল না ! তাঁর চেষ্টাটা ঢাকা পড়ে যেতে পারে তাঁর আউটের ধরনের। সাব্বিরকে এসব ব্যাপারে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে। তবে বাংলাদেশ যে মাঝের বিপর্যয়ের পরেও শেষ পর্যন্ত লড়াই করে গেল, সেটির কৃতিত্ব সাইফউদ্দিনের সঙ্গে সাব্বিরকে দিতে হবেই।
মোস্তাফিজুর রহমানকে কাল অনেক দিন পর আগের চেহারায় দেখলাম। এটা উৎসাহব্যঞ্জক। শেষের দিকে তাঁর সব অস্ত্রগুলোরই সদ্ব্যবহার করেছে সে। ধোনিকে আটকে রাখল উইকেটে। তাঁর অসাধারণ বোলিংই আমাদের বোলিং ঘাটতি কিছুটা পুষিয়েছে। তবে একটা ব্যাপার আমি বুঝি না। মোস্তাফিজই আমাদের একমাত্র বোলার যে মাঝেমধ্যে ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারে। কিন্তু তার পরেও তাঁকে দিয়ে বোলিং ওপেন কেন করানো হচ্ছে না! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে বোলিং শুরু করেছিল। সেদিনই বোঝা গেছে, কতটা কার্যকর সে! ব্যাটসম্যানকে বাইরে খেলানোর ক্ষমতা তাঁর আছে। সে খুব ভালো অফ কাটার করতে পারে। কিন্তু তাঁকে দিয়ে বোলিং ওপেন করানো হয় না। জানি না, আমাদের টিম ম্যানেজমেন্ট কী ভেবে মোস্তাফিজকে নিয়ে পরিকল্পনা সাজায়।
কালকের ম্যাচে আমাদের দলে মেহেদী হাসান মিরাজ কেন ছিল না? আমি এটা নিয়ে ভেবেছি। ভারতীয় দলের একাদশ দেখে বোঝার চেষ্টা করেছি। ওরাও কুলদীপ যাদবকে বসিয়ে মাঠে নেমেছিল চার ফাস্ট বোলার নিয়ে। আমরাও সেটাই করেছি। কাগজে-কলমে আমাদের সিদ্ধান্ত হয়তো ঠিক ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের সব পেস বোলাররা তাদের কোটার পূর্ণ ব্যবহার কেন করল না। এই জায়গাটাতে এসেই সিদ্ধান্তের কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে যায়।
যাই হোক, আরও একটি ম্যাচ বাকি আমাদের—পাকিস্তানের সঙ্গে। বিশ্বকাপে সেমির স্বপ্ন শেষ। এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিতে মাথা উঁচু করেই বিশ্বকাপটা শেষ করুক বাংলাদেশ দল। আমরা সেমির স্বপ্ন দেখেছিলাম।স্বপ্ন দেখাটা ভুল ছিল না। বিশ্বকাপের অন্যতম অভিজ্ঞ দল হিসেবে সে স্বপ্নটা সবাই দেখতেই পারে। কিন্তু আমাদের দলটা কী সেমির উপযোগী ছিল? এ প্রশ্নটা থেকেই যায়। এ বিশ্বকাপের সবচেয়ে দুর্বল বোলিং আক্রমণ ছিল বাংলাদেশের। আমাদের দলে বোলারের ঘাটতি ছিল। আমি আমার কলামে শুরুর দিকে বলেছিলাম, বাংলাদেশের স্কোয়াডে একজন স্পিনারের অভাব আছে। আমরা একজন অফ স্পিনার কিংবা একজন বাঁ হাতি স্পিনার নিয়ে যেতে পারতাম।
বিশ্বকাপ ২০১৯ শেষ আমাদের। অনেক আক্ষেপ আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট। বোলিংটা নিয়েই সমস্যা। এই বিভাগের ঘাটতিগুলো না থাকলে আমরা সেমিতেই খেলতাম। দুর্ভাগ্যও ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটায় পয়েন্ট ভাগাভাগি হলো, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় হেরে গেলাম ২ উইকেটে! তারপরেও ক্রিকেটে আমরা কতটা এগিয়েছি, এটা কিন্তু প্রমাণ করা গেছে।