অবশেষে দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের মালিক এম এ আউয়াল চৌধুরী। মুশফিকুর রহিমকে নিয়ে করা কটূক্তির ব্যাখ্যা দিয়ে কাল তিনি বলেছেন, ‘হঠাৎ করে যখন শুনলাম মুশফিক চলে যাবে, ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে আমার খারাপ লেগেছিল। তখন আমি ওই কথা বলি। ওকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি দুঃখিত।’
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে কয়েক দিন আগে এম এ আউয়াল চৌধুরী মুশফিকের অধিনায়কত্ব ও শৃঙ্খলাবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক তাতে ভীষণ অপমানিত বোধ করেন এবং এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ করেন। গভর্নিং কাউন্সিল পরে চিঠি দেয় এম এ আউয়াল চৌধুরীকে। কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিকও কাল বরিশাল বুলসের মালিকের দুঃখ প্রকাশের কথা বলেছেন, ‘ব্যাপারটাতে উনি দুঃখিত। এটা সম্পূর্ণ ভুল-বোঝাবুঝি। উনি আসলে কিছু না বুঝেই কথাটা বলেছেন। অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। মুশফিকও বিষয়টি খেলোয়াড়ি মনোভাবে নিয়েছে। বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে।’