আকমল-জুনায়েদে ঠোকাঠুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ক্রিকেটের জন্য এটা নতুন কিছু নয়। অন্তর্দ্বন্দ্ব, বিতর্ক সেখানে লেগেই থাকে। উমর আকমল আর জুনায়েদ খান সেখানে নতুন একটা অধ্যায় যোগ করলেন, এই যা!
পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপে পাঞ্জাব দলের নেতৃত্ব দিচ্ছেন উমর আকমল। একই দলে খেলেন জুনায়েদও। ঘটনাটা গত পরশুর। সিন্ধের বিপক্ষে সেদিনের ম্যাচে খেলার কথা ছিল জুনায়েদের। কিন্তু টসের পর একাদশ নিয়ে কথা বলতে গিয়ে আকমল বলেন, জুনায়েদের বদলে নাসির নাজির খেলবেন। কেন? সেটিও ব্যাখ্যা করেন আকমল, ‘আমি মাঠে এসে শুনলাম, জুনায়েদ অনুপস্থিত। আমি খুব অবাক হয়েছি। ম্যানেজার ও কোচ আমাকে জানিয়েছেন, ও নাকি আজ খেলতে পারবে না। অধিনায়ক হিসেবে আমি খুব বিস্মিত হয়েছি ও মাঠে না আসায়।’
এই ঘটনার কিছুক্ষণ পরই টুইটারে একটা ভিডিও পোস্ট করে জুনায়েদ বলেন, ‘উমর আকমলের কথা শুনে আমিও বিস্মিত হয়েছি। ও সবাইকে এমন একটা ধারণা দিল যেন আমি ম্যাচ ছেড়ে পালিয়েছি! সত্যিটা হচ্ছে, আমি খাদ্যে বিষক্রিয়ায় ভুগছি। টিম ম্যানেজমেন্টও এটা জানে। দলের চিকিৎসকই আমাকে বিশ্রাম দিয়েছেন।’
অবশ্য পাকিস্তানি বেশ কয়েকটি পত্রিকায় এসেছে, ওই ম্যাচের আগের দিন অনুশীলনে উত্তপ্ত বাক্যবিনিময় হয় আকমল ও জুনায়েদের মধ্যে। জুনায়েদকে ‘বিশ্বাসঘাতক’ বলে গালমন্দ করেছিলেন আকমল। এ কারণেই জুনায়েদ রেগে গিয়ে সেদিনের ম্যাচে আসেননি!
কোনটা সত্যি, তা জানতে এরই মধ্যে একটা তদন্ত কমিটি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ঘোষিত পাকিস্তান দলে জায়গা পেয়েছেন উমর আকমল ও জুনায়েদ খান দুজনেই। দ্য ডন, এনডিটিভি