আকরাম-ইনজামামই আসল দোষী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাভেদ মিয়াঁদাদ ফাঁসি চান। সর্বোচ্চ শাস্তি চান মোহাম্মদ হাফিজও। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে এতটাই শক্ত অবস্থানে সাবেক ও বর্তমান অনেক খেলোয়াড়। তবে আবদুল কাদির বোধ হয় সবাইকে ছাড়িয়ে গেলেন। কিংবদন্তি এই পাকিস্তানি লেগ স্পিনার একেবারে নাম উল্লেখ করে বলে দিয়েছেন—‘আসলে ফাঁসি হওয়া উচিত ছিল ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হকের মতো আরও কয়েকজনের। ওরাই নাটের গুরু।’ কাদিরের মতে, তাঁদের ফাঁসি দিলে পাকিস্তান ক্রিকেটে স্পট ফিক্সিং কেলেঙ্কারির অন্য ঘটনাগুলো ঘটত না।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট ফিক্সিং কেলেঙ্কারি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রাথমিক তদন্ত শেষে শারজিল খান, খালিদ লতিফ, শাহজাইব আহমেদ, মোহাম্মদ ইরফান ও নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরই মিয়াঁদাদসহ আরও অনেকে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত পাকিস্তানি ক্রিকেটারদের ফাঁসির দাবি তুলেছেন। পাকিস্তানের একটি টেলিভিশনে এ নিয়ে কথা বলতে গিয়েই কাদির তুলেছেন নব্বই দশকে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ পাতানোর প্রসঙ্গ। ওই ঘটনার পর একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশনও গঠন করেছিল পিসিবি। বিচারপতি মালিক মোহাম্মদ কাইয়ুমের নেতৃত্বাধীন সেই কমিটির প্রতিবেদনের পর আজীবন নিষিদ্ধ হন পাকিস্তানের সাবেক অধিনায়ক সেলিম মালিক। নিষিদ্ধ হন পেসার আতাউর রেহমান। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম-উল-হক, সাঈদ আনোয়ার ও মুশতাক আহমেদের বিরুদ্ধেও তদন্ত হয়েছিল। আকরামকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছিল। প্রমাণের অভাবে বেঁচে গিয়েছিলেন কেউ কেউ, আবার অনেককে পাকিস্তান ক্রিকেটে আর সম্পৃক্ত না করার সুপারিশও করেছিল কমিশন।
কাইয়ুম কমিশনের সুপারিশ কেন পুরোপুরি বাস্তবায়িত হলো না, এই প্রশ্ন তুলে কাদির বলেন, ‘সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দেওয়ার বদলে ওই সময় যদি ওয়াসিম-ইনজামাম-মুশতাকদের ফাঁসিতে ঝোলানো হতো, আজ আর এই দিন দেখতে হতো না।’ ক্যারিয়ারের সায়াহ্নে থাকার কারণে সেলিম মালিক ও আতাউর রেহমানকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছিল দাবি করে সাবেক এই লেগ স্পিনার বলেন, ‘ওরা দুজনও হয়তো বেঁচে যেত যদি তারা সেরা ফর্মে থাকত। এটা আমাদের দেশে (পাকিস্তানে) সব সময়ই হয়। ছোটখাটো অপরাধীকে শাস্তি দিয়ে বড় অপরাধীদের ছেড়ে দেওয়া হয়।’
এমনকি পিসিবি উল্টো ম্যাচ ফিক্সারদের পৃষ্ঠপোষকতা করেছে বলেও মনে করেন কাদির, ‘ওয়াসিম-ওয়াকার-ইনজামাম-মুশতাকদের সবাই পরে পিসিবির হয়ে কাজ করেছে বা এখনো করছে। তাহলে আর কাইয়ুম কমিশনের সুপারিশ মানা হলো কোথায়!’
ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারদের ব্যাপারে পূর্বসূরিদের মতো অবস্থান সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদিরও। কঠোর শাস্তি না দিলে এ রকম ঘটনা পাকিস্তানে ঘটতেই থাকবে বলে মনে করেন তিনি, ‘একজন খেলোয়াড় যখন জানে যে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং চার-পাঁচ বছর পর সে আবার সসম্মানে ক্রিকেটে ফিরতে পারবে, তখন তার মনে কেন ভয় বা বাধা থাকবে?’ এক্সপ্রেস ট্রিবিউন, এনডিটিভি