আকরাম জানতেন, স্টার্ক একদিন...
সত্যিকারের ফাস্ট বোলাররা হারিয়ে যেতে বসেছেন। শুধু মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা কিংবা ডেল স্টেইনের মতো কিছু বোলারের কারণে ক্রিকেটে এখনো গতির ঝড় দেখা যায়। গতির ঝড়ে ওয়াসিম আকরামকে পর্যন্ত মুগ্ধ করেছেন স্টার্ক। পাকিস্তানি কিংবদন্তির চোখে বর্তমানের সেরা ফাস্ট বোলার এখন স্টার্ক, ‘স্টেইন আছে, অ্যান্ডারসন আছে, আর আছে স্টার্ক। বর্তমানে স্টার্কই সবচেয়ে ভালো ফর্মে আছে। সে-ই এখন সেরা।’
চোটের জন্য ২০১৬ সালের প্রথমার্ধটা বসে কাটিয়েছেন স্টার্ক। চোট থেকে ফিরেই গতির ঝড় তুলেছেন। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ভালো না করলেও দুর্দান্ত বোলিং করেছেন স্টার্ক। পাকিস্তানও তাঁর রুদ্রমূর্তি দেখছে চলতি সিরিজে। মেলবোর্নে স্টার্কের শেষ স্পেলেই ভেস্তে গেছে সফরকারীদের সব প্রতিরোধ। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার যে এ পর্যায়ে আসবেন সেটা নাকি আগেই জানা ছিল আকরামের, ‘বিশ্ব ক্রিকেটে আমার প্রিয় বোলারদের একজন সে। পাঁচ বছর আগে ভারতের বিপক্ষে প্রথম যখন দেখেছিলাম, আধঘণ্টা কাজ করেছি ওর সঙ্গে। তখনই বুঝেছি বিস্ময়কর কিছু করতে যাচ্ছে সে। তার বাউন্স আছে, পেস আছে এবং আর ওর ইয়র্কারটা বিশ্বের সবচেয়ে ভালো।’
শুধু বর্তমানের নয়, সর্বকালের সেরাদের কাতারেও স্টার্ক যেতে পারবেন বলে ধারণা সর্বকালের সেরা বাঁহাতি পেসারের। ৩৩ টেস্টে ১৪১ পাওয়া স্টার্ক ফিটনেস ধরে রাখতে পারলে ৪০০ উইকেটের মাইলফলকও ছোঁবেন বলেই তাঁর ধারণা। তবে সে পথে এগোনোর জন্য স্টার্ককে একটা পরামর্শ দিচ্ছেন আকরাম, ‘যে বোলারদের আমার ভালো লাগে, তাদের অনুসরণ করি। সে বিশেষ একজন এবং দিন দিন আরও ভালো হবে। ব্যাটসম্যানদের জন্য খারাপ সংবাদ এটা। একটা জিনিস শুধু ভালো করতে হবে ওর—নিষ্প্রাণ উইকেটের জন্য আউটসুইং।’ সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।