আকরাম মিথ্যা বলেছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছে করে রানআউট হয়ে অনিল কুম্বলেকে রেকর্ড গড়তে দিতে চাননি ওয়াকার ইউনিস—দুই দিন আগে ওয়াসিম আকরামের উদ্ধৃতি দিয়ে এমন এক দাবি ক্রিকেট-বিশ্বকেই চমকে দিয়েছিল। তবে এখন ওয়াকার ইউনিস বলছেন, এসব ডাহা মিথ্যা, আকরাম মিথ্যা বলছেন।
ঘটনাটার সূত্রপাত বীরেন্দর শেবাগের এক টুইট থেকে। তিন দিন আগে এক অনলাইন মিডিয়ার সংবাদ টুইট করেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান। যেখানে আকরামের উদ্ধৃতিতে বলা হয়, ১৯৯৯ সালের দিল্লি টেস্টে নিজে রানআউট হয়ে কুম্বলেকে ইনিংসে ১০ উইকেট পেতে না দেওয়ার পরিকল্পনা করেছিলেন ওয়াকার। শেষ জুটিতে ব্যাটিং করছিলেন ওয়াকার-আকরাম, কুম্বলে ততক্ষণে ৯ উইকেট পেয়ে গেছেন। তখন নাকি নিজের রানআউট হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন ওয়াকার। আকরাম তাতে সায় দেননি। পরে আকরামকে আউট করেই ১০ উইকেট পান কুম্বলে।
তবে ওয়াকারের দাবি, আকরাম মিথ্যা বলেছেন, ‘আকরাম আমার বড় ভাইয়ের মতো। তবে তিনি যা বলেছেন, তা মিথ্যা। অবশ্য মিথ্যা বলা আকরাম ভাইয়ের স্বভাব। ইচ্ছে করে রানআউট হওয়া খেলার চেতনার সঙ্গে যায় না, আমি স্বপ্নেও এমন কিছু ভাবিনি।’ ডেকান ক্রনিকল।