আকরাম-শোয়েবরা চান বাংলাদেশ সফর করুক পাকিস্তান

লাভ-ক্ষতির হিসাব চলছে পাকিস্তানের ক্রিকেটে। আগামী জুলাইয়ের বাংলাদেশ সফর হঠাৎই স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজ বাতিলে খুশি হতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার আর রশিদ লতিফ মনে করেন, এতে পাকিস্তানের ক্রিকেটেরই ক্ষতি হবে। দেশটির সাবেক তিন ক্রিকেটার পিসিবিকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সফর করার।
পিটিভির ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে গিয়েছিলেন আকরাম, শোয়েব ও লতিফ। দ্বিপক্ষীয় সিরিজের জন্য বাংলাদেশকে পাকিস্তানে যাওয়ার চাপ দেওয়াটা অনুচিত বলেই মনে করেন কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম, ‘হুমকি দিয়ে কাজ হয় না। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আর তাদের দিক থেকে এটা ঠিকই আছে। পিএসএলের ফাইনালের সময় অবশ্য সবকিছু নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু সবকিছুরই একটা প্রক্রিয়া আছে। বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তাদের নিমন্ত্রণ করে নিরাপত্তার বিষয়টি বোঝানো যেতে পারে। আমাদের একটি একটি করে ধাপ পেরোতে হবে।’
শোয়েবও আকরামের সুরেই কথা বলেন, ‘পাকিস্তান বাংলাদেশকে বেশি চাপ দিলে ওরা হয়তো “এ” দল পাঠিয়ে দেবে। তাতে আমাদের ক্ষতি আরও বেশি। ওখানে দুটি টেস্ট জিতলে আমাদের জন্য ভালোই হবে। ওয়ানডে সিরিজেও একই বিষয়। তবে এটা মনে রাখতে হবে, সেখানে বাংলাদেশ আমাদের কঠিন সময়ই উপহার দেবে। এটা ঠিক যে পাকিস্তান অতীতে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা আর বাংলাদেশকে সাহায্য করেছে। এখন তাদেরও এর প্রতিদান দেওয়ার সময় এসেছে। পাকিস্তানের ক্রিকেটের কঠিন সময় যাচ্ছে এখন। কিন্তু এটাও মনে রাখতে হবে, বাংলাদেশ এখন সমীহ করার মতো দল।’
বাংলাদেশ সফর বাতিল করাটা পাকিস্তানের জন্য ভালো ফল বয়ে আনবে না বলেই মনে করেন লতিফ, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার পরও ইংল্যান্ড সম্প্রতি বাংলাদেশ সফর করেছে। কিন্তু আমরা কি এটা রাজনৈতিক কারণে করছি? ১৭ বছর ধরে ভারত-পাকিস্তান ক্রিকেট হচ্ছে না। এ রকম আরেকটা ব্যাপার কি ঘটতে যাচ্ছে? ভারতের মতো আরেকটা ঘটনা সমর্থকেরা দেখতে চায় না। কারণ, বাংলাদেশ এখন খুব ভালো একটি দল।’ সূত্র : পিটিভি।