আকরামের মতো আর কেউ আসেনি, মনে করেন এবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরামের মতো আর কাউকে দেখেননি এবি। ছবি: রয়টার্স
ওয়াসিম আকরামের মতো আর কাউকে দেখেননি এবি। ছবি: রয়টার্স

এক প্রজন্ম তাঁকে ঈর্ষা করেছে, পরবর্তী প্রজন্ম চেষ্টা করছে তাঁকে অনুকরণ করতে। ওয়াসিম আকরামের ভ্রম জাগানো সুইংয়ের মোহ এখনো কাটাতে পারেনি ক্রিকেট। তরুণ বোলাররা তাঁর ভক্ত হবেন, এটাই স্বাভাবিক। তবে তাঁর ভক্তকুলে বর্তমান যুগের অন্যতম সেরা এক ব্যাটসম্যানও যে আছে, জানা গেল বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে। আকরামে এতটাই মুগ্ধ এবি ডি ভিলিয়ার্স, পাকিস্তানি কিংবদন্তির সমতুল্য আর কাউকে পাচ্ছেন না।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের বৃষ্টি-বিরতিতে দর্শকদের ব্যস্ত রাখতে পুরোনো ভিডিও দেখাচ্ছিল স্কাই স্পোর্টস। আকরামের ওপর করা বিশেষ একটি প্রতিবেদন দেখানো হচ্ছিল তখন। ম্যাচের খোঁজখবর নিতে টিভিতে চোখ ছিল এবিরও। পুরোনো ভিডিওতে আকরামের বোলিং দেখে মুগ্ধ ডি ভিলিয়ার্স সঙ্গে সঙ্গে টুইট করেছেন, ‘দারুণ ফুটেজ স্কাই স্পোর্টস ২! ওয়াসিম আকরাম একজন অবিশ্বাস্য প্রতিভাবান বোলার। পাগল করে দেওয়ার মতো দক্ষতা!’
এই সূত্র ধরে কাল সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠল। ডি ভিলিয়ার্স আরও একবার তাঁর মুগ্ধতার কথা জানালেন, ‘আমি তাঁর মতো ভালো কাউকে দেখিনি। অনুষ্ঠানটি দেখে খুব ভালো লেগেছে। তাই মনে হলো, সবাইকে সেটা জানিয়ে দিই। তাঁর (আকরাম) সঙ্গে আমার ভালো সম্পর্ক। আইপিএলে উনি কলকাতার (কেকেআর) সঙ্গে আছেন। তা-ও প্রতিবছরই দেখা হয়, আড্ডা দিয়ে চমৎকার কিছু সময় পার করি।’

স্তুতি এখানেই থামেনি ডি ভিলিয়ার্সের। আকরামের মতো বোলার যে ক্ষণজন্মা, সেটিও মনে করিয়ে দিলেন। আকরাম হাতে-কলমে শেখালেও যে কেউ আকরামের মতো হবে না, বললেন সেটিও, ‘অনুষ্ঠানটা আরও ভালো লেগেছে, কারণ তিনি কীভাবে বল করতেন, বোলিংয়ের সময় তিনি কী চিন্তা করতেন—এসব দেখানো হয়েছে। আমি নিশ্চিত, তিনিও এ বিষয়ে অতীতে অনেককে পরামর্শ দিয়েছেন। শুধু পাকিস্তানে নয়, আইপিএলেও। কিন্তু কিছু জিনিস আপনি শুধু জন্মসূত্রে পেতে পারেন। তিনি এটা নিয়েই জন্মেছিলেন।’ ক্রিকইনফো।