আকরামের সঙ্গে 'ঝামেলা' নিয়ে অনুতপ্ত ওয়াকার

শুধু পাকিস্তান নয়, ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা দুই পেসার তাঁরা। দুজনের হাত ধরে অনেক সাফল্য পেয়েছে পাকিস্তান। তবে খেলোয়াড়ি জীবনে ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসের সম্পর্কটা খুব একটা মধুর ছিল না। অতীতের ঘটনা মনে করে অনুতপ্ত ওয়াকার। ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে আক্ষেপই ঝরল পাকিস্তানের সাবেক এই কোচের কণ্ঠে।
আকরামের সঙ্গে তাঁর শীতল সম্পর্ক যে দলকে কোনোভাবেই উপকৃত করেনি, সেটিই বললেন ওয়াকার, ‘সত্যি আমি ওয়াসিম ভাইয়ের ভালো বন্ধু। তিনি সব সময় আমার বড় ভাইয়ের মতো। সব সময়ই আমাকে সমর্থন করেছেন, মাঠে-মাঠের বাইরে অনেক সহায়তা করেছেন। হ্যাঁ, আমাদের কিছু সমস্যা ছিল। তবে শুধু আমার বা তাঁর মধ্যে নয়, ওই সময় দলের মধ্যেই এমন সমস্যা ছিল। যদি আমার কাছে সত্যটা জানতে চান, হ্যাঁ আমি অনুতপ্ত। এটা পাকিস্তান ক্রিকেটকে আসলে কোনো উপকার করেনি।’
আকরাম ও ওয়াকার দুজন মিলে টেস্টে নিয়েছেন ৭৮৭ ও ওয়ানডেতে ৯১৮ উইকেট। মাঠের বাইরে সম্পর্ক যেমনই থাক, ওয়াকারের জানালেন, পাকিস্তানের হয়ে শতভাগ দেওয়ার চেষ্টাই করেছেন তাঁরা, ‘মাঠের বাইরে আমাদের সমস্যা ছিল। তবে যখন মাঠে নেমেছি, ছবিটা পুরোপুরি বদলে গেছে। আমরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। আরও বেশি উইকেট নিয়ে একে অপরকে ছাড়িয়ে যেতে চেয়েছি। আমি মনে করি, এভাবে দল উপকৃত হয়েছে। যদি আমাকে নির্দিষ্ট কোনো অংশের কথা বলেন, হ্যাঁ আমরা অনুতপ্ত। এটা হওয়া উচিত হয়নি। খুবই জঘন্য ছিল এসব। কিন্তু আমরা তরুণ ছিলাম, খুব বেশি জানতাম না। এখন হয়তো অনেক কিছু জানি এবং আমরা চাই এসব থেকে বেরিয়ে আসতে।’ ক্রিকইনফো।