আকাশ চোপড়ার মুখে মুস্তাফিজের প্রশংসা

জিওফ বয়কটের কথাবার্তা সব সময়ই ছাঁচাছোলা। তাই বাংলাদেশ দলের চেয়ে যখন নিজের দাদিকে ভালো ক্রিকেটার হিসেবে দাবি করেছিলেন তাতে ক্রিকেট বিশ্ব অন্তত অবাক হয়নি। কিন্তু সম্প্রতি বাংলাদেশের কড়া সমালোচক হিসেবে আলাদা স্থান করে নিয়েছেন আকাশ চোপড়া। বিশ্বকাপ চলাকালে কিংবা ভারত দলের বাংলাদেশ সফরের সময় চোপড়া বারবার বাংলাদেশকে নিয়ে তাঁর ধারণা জানিয়ে দিয়েছেন বিভিন্ন উপায়ে। সেই চোপড়া এবার মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ।
ক্রিকইনফোতে লেখা এক কলামে চোপড়া স্বীকার করে নিলেন, সাতক্ষীরার এই পেসারকে দেখে তাঁর প্রথমে তেমন কিছু মনে হয়নি। শীর্ণকায় এক বোলার, বলের গতি ১২৫ থেকে ১৩০ কিলোমিটারের মাঝে, উচ্চতাও অনেক কম, তেমন সুইংও নেই। পেসার বলতে যা বোঝায়—প্রথম দর্শনে মুস্তাফিজকে ঠিক তা মনে হয় না। ভারতের বিপক্ষে যখন ওয়ানডে অভিষেক হলো, চোপড়া ভেবেছিলেন, বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ নিশ্চয় ছিঁড়েখুঁড়ে খাবে এই নতুন বোলারকে।
কিন্তু সেই মুস্তাফিজ প্রথম ওয়ানডেতে ৫ উইকেট পেয়ে গেলেন! চোপড়া কিন্তু তখনো মুস্তাফিজের বোলিং প্রতিভা নিয়ে সন্দিহান। দ্বিতীয় ওয়ানডেতেও মুস্তাফিজের ৬ উইকেট শিকার অবশেষে চোপড়ার চিন্তা-ভাবনা বদলাতে বাধ্য করল। তার পর থেকেই মুস্তাফিজের বোলিং অনুসরণ করছেন। ‘গবেষণা’ করেছেন মুস্তাফিজের ভয়ংকর আর সবচেয়ে আলোচিত অফ কাটার নিয়ে। সেই ভাবনা নিয়েই লিখেছেন ‘মুস্তাফিজুর এবং অফ কাটারের শিল্প’ শিরোনামে একটি বিশ্লেষণী কলাম। উপ-শিরোনামে লেখা: আপাত-নির্বিষ বোলারটিকে সামলানো কেন এত কঠিন?
চোপড়ার ধারণা মুস্তাফিজের অফকাটার রহস্যের পেছনে আছে ‘কুইক আর্ম অ্যাকশন’। যার ফলে তাঁর সাধারণ বল ও স্লোয়ারের মাঝে তফাত করতে পারে না ব্যাটসম্যানরা। ধন্দে পড়ে যায়। দুই বলের গ্রিপের মাঝে তফাৎ থাকলেও সেটা ব্যাটসম্যানদের পক্ষে পড়তে পারা অনেক কষ্টসাধ্য। সেই সঙ্গে তাঁর বলের গতি খুব বেশি পরিবর্তন না করেই অফ কাটার ছাড়ার ক্ষমতাও চোখে লেগেছে চোপড়ার। মুস্তাফিজের লাইন লেংথের অবদানও রয়েছে তাঁর অফ কাটারের এতটা ভয়ংকর হয়ে ওঠার হওয়ার পেছনে।
চোপড়া অবশ্য মুস্তাফিজের বলের গতি বেড়ে যাওয়া নিয়েও বিস্মিত। মাত্র দুই সপ্তাহের মাঝে মুস্তাফিজের বলের গতি ১২৫ কিমি থেকে ১৩৫-এ উঠে যাওয়ায় অবাক হয়েছেন। কলামের শেষ দিকে উপমহাদেশের বাইরে মুস্তাফিজের সাফল্য পাওয়ার সম্ভাবনা নিয়ে ক্ষীণ সন্দেহের আভাস পাওয়া গেল। তবে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নিন্দুকের পরিচিতি পাওয়া চোপড়া যে মুস্তাফিজকে নিয়ে ৯০০ শব্দ খরচ করে নাতিদীর্ঘ কলাম লিখেছেন, এটাও তো এক রকম ‘জয়’ই।