আকাশের দিকে তাকিয়ে প্রথম ওয়ানডে

ম্যাচের আগের দিনের চিরচেনা দৃশ্যটা দেখা গেল না। মাঠে খেলোয়াড়দের কেউ নেই। বিসিবির বারান্দায় সাংবাদিকদের সংখ্যাও অনেক কম। এমনকি সংবাদ সম্মেলনও শুরু হলো না সময়মতো।
তা যেকোনো সিরিজ শুরুর আগে চেনা দৃশ্যাবলি কী? সিরিজ শুরুর আগের দিন দুই দল ঘাম ঝরানো অনুশীলন করবে। অধিনায়কদের সংবাদ সম্মেলন হবে ‘জনাকীর্ণ’। এসবের কিছুই হলো না কাল।
বৃষ্টির দিনে আসলে সবকিছুর মেজাজই একটু অন্য রকম যায়। অতি দরকারি কাজকর্মও হারিয়ে যায় ইলিশ-খিচুড়ির সুঘ্রাণে। অফিস পথে গায়ে কাদাপানি মাখার চেয়ে জানালার পাশে বসে বৃষ্টির সুবাস নেওয়ার ইচ্ছা জাগে। আর এ তো ক্রিকেট! বৃষ্টির অবস্থান যদি হয় উত্তর মেরুতে, ক্রিকেট থাকবে দক্ষিণে। দুটোর একসঙ্গে মিলে যাওয়ার কখনোই সুযোগ নেই। বৃষ্টি বরাবর ক্রিকেটের সবচেয়ে বড় ‘শত্রু’র নাম।
আগের রাত থেকে শুরু প্রায় টানা বৃষ্টিতে কাল সারা দিনই জবুথবু হয়ে থাকল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। যে মাঠে অনুশীলন হওয়ার কথা, সেটি অবগুণ্ঠনে ঢাকা। ম্যাচের আগের দিন দুই দলের কোচ-অধিনায়কেরা মাঠে এসে আগে উইকেট দেখেন। কাল সেই চেষ্টাও করলেন না কেউ।
সকালে বাংলাদেশ দলের অনুশীলন সীমাবদ্ধ হয়ে পড়ল ইনডোরে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ইনডোর-ড্রেসিংরুম আসা-যাওয়ার সময়টুকুতেই কেবল দেখা পাওয়া গেছে কোচ-খেলোয়াড়দের। দক্ষিণ আফ্রিকা দল তো অনুশীলনে এলই না। খেলোয়াড়দের হোটেল থেকে বের হওয়ার সব রকম প্রস্তুতি থাকলেও মিরপুরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুনে বাতিল করে দেওয়া হয় মাঠে আসার সিদ্ধান্ত। শুধু হাশিম আমলা এলেন। অধিনায়কদের কিছু বাড়তি দায়িত্বও থাকে। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলন আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে ট্রফি উন্মোচন করে হাসি মুখে পোজ দিলেন ছবির জন্য। এরপর মিডিয়া সেন্টারের বাইরে অপেক্ষমাণ গাড়িতে উঠে ফিরে গেলেন হোটেলে। অনুশীলন করতে না পারায় প্রোটিয়া অধিনায়ককে খুব একটা অসন্তুষ্টও মনে হলো না, ‘আমি মনে করি না, এতে খুব বেশি সমস্যা হবে। সবারই ভালো প্রস্তুতি আছে। ওয়ানডে দলে যোগ দিতে আমরা যারা পরে এসেছি, তারাও এই কয় দিন ভালো অনুশীলন করেছি। অন্যরা তো টি-টোয়েন্টি খেলতে আগেই এসেছে।’
আবহাওয়ার পূর্বাভাস ঠিক থাকলে বৃষ্টি হবে আজ। আগামী রোববার দ্বিতীয় ওয়ানডের দিনেও। টি-টোয়েন্টি সিরিজ ভালোয় ভালোয় শেষ হয়ে গেলেও ওয়ানডে সিরিজে তাই ফিরে আসতে পারে গত মাসের ভারত সিরিজের আবহ। বৃষ্টির কারণে ফতুল্লা টেস্ট ঠিকভাবে হতে পারেনি। ঝামেলা হয়েছে ওয়ানডে সিরিজেও। তবে আবহাওয়ার মতিগতির ওপর কারও হাত নেই বলে ক্রিকেটাররা এটিকে রাখছেন ভাবনার বাইরে। বৃষ্টিতে অনুশীলন বিঘ্নিত হয়েছে, তাই বলে খেলা হবে না, এমন কোনো কথা নেই। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সোজাসাপ্টা কথা, ‘আবহাওয়া নিয়ে তো কিছু করার নেই। দুই দলকেই তা মেনে নিতে হবে।’
বৃষ্টি ছাড়া সিরিজ-পূর্ব আলোচনায় আর একটা ব্যাপারই উঠে আসছে—চ্যাম্পিয়নস ট্রফি ও বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পরই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত বলে জেনেছিল বাংলাদেশ দল। কিন্তু পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্যে প্রস্তাবিত তিন জাতি টুর্নামেন্টটি একটু অনিশ্চয়তায় কুয়াশা ছড়িয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচ জিতলেই সেটি কেটে যাওয়ার কথা। মাশরাফি অবশ্য এখনই অত হিসাব-নিকাশে ব্যস্ত হচ্ছেন না। ওয়ানডে অধিনায়কের চিন্তা-চেতনায় আপাতত শুধুই এই সিরিজ, ‘চ্যাম্পিয়নস ট্রফি অনেক দূরের ব্যাপার। এখন কালকের (আজ) ম্যাচ নিয়েই চিন্তা করা উচিত।’
সে চিন্তায় উঁকি দিচ্ছে আত্মবিশ্বাস। গত জিম্বাবুয়ে সিরিজ থেকেই ওয়ানডেতে দারুণ খেলছে দল। বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারত সিরিজে সাফল্য এসেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ধারাটা ধরে রাখা গেলে ওয়ানডেতে ভালো দলের স্বীকৃতির দাবি আরও জোরালো হয়। বৃষ্টি বাধা না হলে আজ সেই আশাতেই সিরিজ শুরু করবে মাশরাফির বাংলাদেশ। আশা পূরণ করতে কী করা উচিত, এ নিয়ে কাল বিস্তর গবেষণা হলো দলে। মাহমুদউল্লাহর যেহেতু ব্যাটিংয়ের সঙ্গে অফ স্পিনটাও আছে, আরাফাত সানি তাই বাইরে থাকতে পারেন। লেগ স্পিনার জুবায়ের হোসেনকে খেলানোর পক্ষেও অনেক ভোট। তবে পেসার রুবেল হোসেন খেলবেন শুধু তিন পেসার খেলানো হলেই।
কাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত একাদশ পুরোপুরি ঠিক না হলেও টিম ম্যানেজমেন্টের চিন্তা ও রকমই ছিল। দিবারাত্রির ম্যাচ। ১১ জন ঠিক করার জন্য তাই সময় পাওয়া যাচ্ছে আজও। বৃষ্টিতে ম্যাচ সংক্ষিপ্ত হয়ে গেলে চিন্তাভাবনাও বদলে যাবে। দুই দলের একাদশ তো বটেই, এই ম্যাচও আসলে আকাশের দিকেই তাকিয়ে।