আকিবকে পাচ্ছে না বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন বোলিং কোচ হিসেবে বেশ কয়েকজনের নামই শোনা গেছে শুরুতে। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পরশু আলাদা করে বলেছিলেন আকিব জাভেদের কথা। আজকের মধ্যেই আকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, এমনটাই জানিয়েছিলেন। তবে অপেক্ষার সমাপ্তি ঘটে গেছে কালই। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার বিসিবিকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব তিনি নিচ্ছেন না।
কাল সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ব্যাখ্যা করেছেন আকিবের বাংলাদেশের প্রস্তাবে সাড়া না দেওয়ার কারণ, ‘বাংলাদেশে আসার ব্যাপারে তাঁর যথেষ্ট আগ্রহ ছিল। কিন্তু আজ (গতকাল) আকিব জানিয়েছেন, লাহোর কালান্দার্স তাঁকে এ মুহূর্তে ছাড়তে রাজি নয়। আমরা তাই এখন অন্য কোচদের সঙ্গে যোগাযোগ করব।’ তালিকায় কারা আছেন, সেটা বলতে রাজি হননি প্রধান নির্বাহী। তবে এর আগে আকিবের সঙ্গে সম্ভাব্য কোচ হিসেবে নাম এসেছিল শ্রীলঙ্কার চম্পকা রমানায়েকে ও চামিন্ডা ভাস এবং ভারতের ভেঙ্কটেশ প্রসাদের।
আকিবকে বিসিবি বছরে দুই শ দিন কাজ করার প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন নিজাম উদ্দিন। জাতীয় দলের সঙ্গে তো বটেই, দায়িত্ব নিলে একাডেমি এবং হাইপারফরম্যান্স ইউনিটও থাকত তাঁর কার্যপরিধির আওতায়। সারা বছর বাংলাদেশে থাকতে হবে না বলেই নাকি আকিব আশাবাদী ছিলেন, লাহোর কালান্দার্স হয়তো তাঁকে ছাড়বে। কিন্তু সেটা হয়নি। ‘লাহোর কালান্দার্সের সিইও এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে আকিব বুঝেছেন তাঁর পক্ষে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সম্ভব হবে না। ওখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। মালিকপক্ষ তাকে দুই শ দিনের জন্য ছাড়তে রাজি হয়নি।’
আকিব যে বিসিবিকে ‘না’ করে দিয়েছেন, সেটা পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে কালই। দৈনিক দ্য নেশন আকিবকে উদ্ধৃত করেছে এভাবে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে বোলিং কোচ পদে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি মনে করি, এই দায়িত্ব নেওয়ার সময় এটি নয়। আমি অল্প কিছুদিন আগে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছি। এ মুহূর্তে আমার পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যাওয়া সম্ভব হচ্ছে না।’
আরব আমিরাতের প্রধান কোচের পদ ছেড়ে দিয়ে সম্প্রতি আকিব পিএসএলের দল লাহোর কালান্দার্সের অন্যতম পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ারও ইচ্ছে ছিল তাঁর। কিন্তু পরে পিসিবি এই পদের জন্য আবেদনপত্র আহ্বান করলে তিনি আবেদন করেননি।