আকিবের ক্লাসে রুবেল-আল আমিনরা যা শিখলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকিবের সঙ্গে কাজ করে পেসারদের প্রাপ্তি নেহাত কম নয়। ছবি: প্রথম আলো
আকিবের সঙ্গে কাজ করে পেসারদের প্রাপ্তি নেহাত কম নয়। ছবি: প্রথম আলো

সাত দিনের জন্য বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং পরামর্শক হিসেবে এসেছিলেন আকিব জাভেদ। কাল সন্ধ্যায় ফিরে গেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। প্রথম চার দিন এইচপির ১৭ পেসারের সঙ্গে কাজ করেছেন। পরের দুই দিন কাজ করেছেন জাতীয় দলের ৮ পেসারের সঙ্গে। প্রথম দিন তত্ত্বীয় বিষয়ে আলোচনার পর পরশু বিসিবি একাডেমি মাঠে মাশরাফি-আল আমিনদের ‘ব্যবহারিক’ ক্লাস নিয়েছেন আকিব। তাঁর সঙ্গে দুটি সেশনে কী শিখলেন রুবেল-আল আমিনরা?

সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও শেখানোর জন্য ছয় দিন বড় সময়ই মনে করছেন আকিব, ‘আমি দীর্ঘ প্রক্রিয়ায় বিশ্বাসী নই। জ্ঞান দেওয়ার ক্ষেত্রে ছয় দিন অনেক সময়। আজকের (পরশু) সেশন শেষে বলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করার কিছু নেই। আপনি যখন অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন, বলার খুব বেশি থাকবে না। যেটা তারা জানে, সেটা নিয়ে তো আর বলতে পারবেন না। এমন কিছু শেখাতে হবে, যেটাতে তাদের উন্নতি হয়। জাতীয় দল ও তরুণ বোলারদের সঙ্গে অসাধারণ সময়ই কেটেছে আমার।’
কয়েকটি সেশনে বিরাট কিছু শেখা না গেলেও আকিবের ক্লাসে পেসারদের প্রাপ্তি কম নয়। আল আমিন বললেন, ‘নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করে অনুশীলন করার পরামর্শ দিয়েছেন তিনি। স্পটে বোলিং করা কিংবা আরও গতি কীভাবে বাড়ানো যায় বা বলটা কীভাবে রিভার্স সুইং করানো যায়, শিখিয়েছেন। আসলে এক-দুই দিনে সব শেখা সম্ভব নয়। তবে অনুশীলন করতে পারলে মাঠে ভালোভাবে এসব কাজে লাগানো যাবে।’
কুঁচকিতে হালকা চোটের কারণে রুবেল হোসেন অবশ্য বোলিং করতে পারেননি। তবে আকিবের কাছ থেকে শিখেছেন তিনিও, ‘ইয়র্কার কীভাবে দেব, সেটা আগেই জানতাম। তবে কতটুকু রানআপ নিয়ে শরীরের ভারসাম্য ঠিক রেখে গতি আরও বাড়ানো যায়, এটা নিয়ে কিছু শিখেছি। তা ছাড়া কোথায় বল ফেলতে হবে, কোন স্টাম্প টার্গেট করতে হবে, কোথা থেকে ডেলিভারিটা দিলে গতি বাড়বে, এগুলোও শিখেছি।’
জাতীয় দলের প্রাথমিক দলে থাকা আরেক পেসার কামরুল ইসলাম টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি শিখেছেন মনস্তাত্ত্বিক দিকগুলোও, ‘মানসিকভাবে একজন পেসার কীভাবে এগিয়ে থাকে, সেটি তিনি বলেছেন। তা ছাড়া নতুন বলে সুইং ও পুরোনো বলে ইয়র্কার করার কিছু কৌশলও শিখিয়েছেন।’
বাংলাদেশ দলের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা মুক্তার আলীও শিখেছেন গতি বাড়ানোর কিছু কৌশল নিয়ে, ‘এখনকার চেয়ে চার-পাঁচ কিলোমিটার গতি বাড়ানোর বিষয়টা শিখলাম। লাফ দেওয়ার পর সামনের পায়ের ভারসাম্য এদিক-ওদিক হয়ে যায় অনেকের। পায়ের নিচ থেকে যত ফোর্স আনতে পারবেন, বলের গতি তত বাড়বে। টপ অব দ্য স্টাম্পে বোলিং নিয়ে বলেছেন তিনি।’