আক্রমণকেই মন্ত্র ভাবছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিত শর্মা
রোহিত শর্মা

ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটা তাঁর। একমাত্র তাঁরই নামের পাশে জ্বলজ্বল করে দুটি ডাবল সেঞ্চুরি। ১৩৬টি ওয়ানডে খেলার পর নামের পাশে যা রান (৪২৮৩), গড় (৩৯.৬৫) আর স্ট্রাইক রেট (৮২.৩৯)—সবই যেকোনো বোলারের সমীহ জাগানোর জন্য যথেষ্ট। সেই রোহিত ‘ডাবল’ শর্মাই কাল সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে শ্রদ্ধা জানালেন বারবার। প্রতিপক্ষ যেই হোক, একটু-আধটু সমীহসূচক কথা বলা ভদ্রতারই অংশ। কিন্তু রোহিতের বলাটা যে শুধু কথার কথা নয়, সেটা বুঝতে খুব কষ্ট হয় না। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে তাঁর দল ভারতকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতলে সিরিজের ট্রফিটাই জমা থাকবে মিরপুর স্টেডিয়ামের শোকেসে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিপক্ষকে সমীহ না করে উপায় কী!
অথচ দলীয় শক্তি অথবা র‌্যাঙ্কিংয়ের ব্যবধানে বাংলাদেশের কাছে ভারত রীতিমতো ‘বড় দাদা’। মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিংকে বিশ্বের অন্যতম সেরা বলেই মানা হয়। সিরিজ শুরুর আগে ভারতই ছিল ফেবারিট। কিন্তু প্রথম ম্যাচ জিতে সরল অঙ্কটাকে বদলে দিয়েছে বাংলাদেশ। সে কারণেই দ্বিতীয় ওয়ানডের আগে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্কতা ভারতের, তারই প্রতিধ্বনি রোহিতের কণ্ঠে, ‘ওদের তো হারানোর কিছু নেই। হারানোর সবকিছুই ভারতের। সুতরাং আমাদের আরও সতর্ক হতে হবে। আমরা জানতাম, নিজের মাঠে ওরা এভাবেই খেলবে। পরের ম্যাচে তাই আমাদের আরও ভালোভাবে তৈরি থাকতে হবে।’
সিরিজ জয়ের হিসাবটা কঠিন হয়ে গেছে বলেই একটা বাড়তি চাপও তৈরি হয়েছে ভারতের ওপর। রোহিত অবশ্য সেই চাপ স্বীকার করতে নারাজ। উল্টো হুমকি দিলেন আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার, যার মধ্যে কী লুকিয়ে থাকল মেলবোর্নের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মহা আলোচিত সেই সেঞ্চুরিটির নীরব দম্ভ, ‘কোনো চাপ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। মৌলিক বিষয়গুলো ঠিক রাখতে হবে এবং আরও আক্রমণাত্মক হতে হবে। এই দলটাই তো বিশ্বকাপে খেলেছে। ফলটা আমাদের অনুকূলে আনতে
না পারার তো কোনো কারণ দেখি না!’
রোহিত নিজে অবশ্য প্রথম ওয়ানডেতে ভালোই খেলেছেন। ৬৮ বলে করেছেন ৬৩ রান, শিখর ধাওয়ানকে নিয়ে উদ্বোধনী জুটিতে তুলেছেন ৯৫ রান। কিন্তু মিডল অর্ডারকে গুঁড়িয়ে দিয়ে ম্যাচটাকে ভারতের হাত থেকে কেড়ে নিয়েছেন মুস্তাফিজ-সাকিবরা। আজ আর ওই ভুলগুলোর পুনরাবৃত্তি চাইতে পারেন না ভারতীয় ওপেনার, ‘প্রথম ম্যাচে আমরা কী ভুল করেছি তা এখন জানি। সেগুলো নিয়ে আমরা ভেবেছি। দ্বিতীয় ওয়ানডেতে তাই অন্য এক ভারতকে দেখা যাবে। কিছু পরিকল্পনা আছে আমাদের। সেগুলো কাজে লাগাতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে।’
ভুল শুধরানো, আরও আক্রমণাত্মক ক্রিকেট—ভারতের সব পরিকল্পনাই সাজানো। তবে এসব ভণ্ডুল করে বাংলাদেশ যে আজও তাদের হারিয়ে সিরিজটা পকেটে পুরতে পারে সেটি মানতে এখন বাধ্য রোহিত, ‘প্রথম ম্যাচে ওরা দারুণ খেলেছে। কিছুদিন ধরেই ওরা ভালো ক্রিকেট খেলছে আর কোনো দলের বিপক্ষেই নিশ্চিতভাবে জয় ধরে রাখা যায় না। বাংলাদেশ এই মুহূর্তে যে ফর্মে আছে, ওদের হারাতে হলে আমাদের সেরাটাই খেলতে হবে।’