আক্রমণাত্মক ক্রিকেট মানে সংঘর্ষ নয়
মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনির ধাক্কা। প্রথম ওয়ানডের সেই ঘটনায় তোলপাড় বঙ্গোপসাগর থেকে হিমালয়। ভারত অধিনায়ক স্বদেশের সংবাদমাধ্যমেও ভীষণ সমালোচিত। ধোনি ইচ্ছাকৃতভাবে ওটা করেছেন—এই রায় দিয়ে তাঁর ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা মুস্তাফিজেরও জরিমানা হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। সিরিজে বাড়তি উত্তাপ ছড়ানো এ ঘটনাটির প্রসঙ্গ কালও উঠল সংবাদ সম্মেলনে। তবে এটি নিয়ে খুব বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘এ ব্যাপারে এরই মধ্যে ম্যাচ রেফারি তাঁর সিদ্ধান্ত জানিয়েছেন। যা ঘটেছে সেটা ছিল দুর্ভাগ্যজনক পরিস্থিতি।’
বাংলাদেশ কোচ জানেন, ‘আগে থেকে ভেবেচিন্তে এসব ঘটনা এড়ানো যায় না।’ এসব বাদ দিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার দিকেই মনোযোগী তিনি। কিন্তু এটির সঙ্গে ধোনি-মুস্তাফিজ সংঘর্ষের কোনো যোগসূত্র কি আছে? হাথুরুসিংহের জবাব, ‘আক্রমণাত্মক ক্রিকেট মানে এই নয়, আপনি মানুষের সঙ্গে সংঘর্ষে জড়াবেন। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই ব্যাটে-বলে।’
সংঘর্ষ ও তারপর ধোনির জরিমানা নিয়ে বাড়তি উত্তেজনার অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা, ‘এটা খুব বড় কোনো ঘটনা নয়। এ নিয়ে প্রতিক্রিয়া দেখানোর কিছু নেই। এগুলো দেখার লোক আছে, আইন আছে। খেলার জন্য যেটি ভালো, অফিশিয়ালরা সেভাবেই সিদ্ধান্ত নেবেন। আমাদের কাজ ক্রিকেট খেলা।’