
অ্যাডিলেডে আজ জয়ই দরকার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য যেমন, তেমনি আমাদের জয়ের সামর্থ্য যে শুধু আইসিসির সহযোগী দেশগুলোর চৌহদ্দিতে সীমাবদ্ধ নয়, বিশ্ব ক্রিকেট মঞ্চে সবার চোখের সামনে সেটা তুলে ধরার জন্যও।
ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়লে’র আচরণে কেউই সন্তুষ্ট নয়। অথচ তার যথাযথ প্রতিবাদ আমরা আইসিসির টেবিলে করতে পারছি না। এ অবস্থায় ইংল্যান্ডকে একটা শক্ত ধাক্কায় নকআউট করার সুযোগটা আজ ক্রিকেটারদেরই কাজে লাগাতে হবে। ইংল্যান্ডকে বাড়ির প্লেন ধরিয়ে দিতে পারলে আগামী বিশ্বকাপের আগে যৌক্তিক একটি প্রশ্নও তোলা যাবে। যারা সাত দলের গ্রুপ থেকেও কোয়ার্টার ফাইনালে যেতে পারে না, শুধু র্যাঙ্কিংয়ে প্রথম আটটি দলের মধ্যে থাকার সুবিধা নিয়েই তারা কী করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে? আইসিসির এই অদ্ভুত সিদ্ধান্তটি নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে যেতে পারে আজ বাংলাদেশ জিতলে।

প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার কথা চিন্তা করলে আমরা আমাদের সেরা ১১ জন নিয়ে এখনো খেলতে পারিনি। আমার ধারণা, কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলে একজন বাড়তি স্পিনার সংযোজনে বাধা দিচ্ছেন এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও সেটা মেনে নিতে হচ্ছে। অথচ স্কটল্যান্ডের বিপক্ষে আরেকজন স্পিনার খেলালে ওদের বাড়তি চাপে ফেলা যেত। ইংল্যান্ডের বিপক্ষে বোলিং আক্রমণের পরিকল্পনা সাজাতেও সুবিধা হতো মাশরাফির।
বিশ্বকাপের আগে খেলা সর্বশেষ সিরিজটার কথাই মনে করুন। টেস্ট সিরিজে যখন জিম্বাবুয়ের পেস বোলাররা ভালো লাইন-লেংথে বল করে সবার নজর কাড়ছিল, তখনো আমরা কোনো কোনো ইনিংসে দুই প্রান্ত থেকেই পেস বোলার না এনে এক প্রান্তে থেকে স্পিনারদের দিয়ে বোলিং শুরু করেছিলাম। অথচ বিশ্বকাপে যখন প্রতিটি দলই স্পিনার খেলাচ্ছে, আমরা হাঁটছি উল্টো পথে! কাল শ্রীলঙ্কা খেলাল দুজন স্পিনার, অস্ট্রেলিয়া খেলাল একজন। আর আমাদের কোচ তাঁর পছন্দের এক উঠতি বয়সের স্পিনারকে দলে না পেয়ে জেদ দেখাচ্ছেন নির্বাচকদের সঙ্গে। স্পিনার খেলাবেন না, এমন প্রতিজ্ঞাই যেন করেছেন তিনি। দুজন স্পিনারকে তিন সপ্তাহ ধরে বসিয়ে রেখেছেন সাইড বেঞ্চে। ব্রিসবেনে দুই সপ্তাহের বাড়তি অনুশীলন থেকে শুরু করে এখন পর্যন্ত আরও অনেকের মতো দলের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ স্পিন কোচও। স্পিনাররা যদি না-ই খেলবে, তাহলে দলের সঙ্গে স্পিন কোচ থাকার দরকার কী?
আশা করি বিতর্ক আর না বাড়িয়ে বাংলাদেশ আজ সেরা একাদশ নিয়েই মাঠে নামবে। ইংল্যান্ডের নড়বড়ে ব্যাটসম্যানদের বিপক্ষে আজ বোলারদের আক্রমণাত্মক ভূমিকায় দেখতে চাই। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়া এবং বড় জুটি গড়তে না দেওয়াটাই হবে মুখ্য কাজ। বিশ্বকাপে ইংল্যান্ড হয়তো তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না, তবে দলটিতে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান ও ভালো মানের ফাস্ট বোলার আছে। তাদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে হলে আমাদের সেরা ব্যাটসম্যানদের অনেক বেশি সময় উইকেটে থাকতে হবে।
তার আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টসটাও। টসে জিতলে আমি আগে ব্যাটিং করার পক্ষে। যদিও আবহাওয়া বার্তা বলছে, অ্যাডিলেডে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া সত্যি সত্যিই সে রকম হয়ে দাঁড়ালে ইংল্যান্ডের সিমারদের সামনে আমাদের ব্যাটসম্যানদের সমস্যায়ও পড়তে হতে পারে। মাশরাফিদের এটিও মাথায় রাখতে হবে।