আক্রমণাত্মক মানসিকতা ছাড়তেও রাজি স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্মিথ
স্টিভেন স্মিথ

হতে পারে এবারের দলটা তরুণ ও অনভিজ্ঞ। কিন্তু খেলাটা যখন টেস্ট ক্রিকেট, আর প্রতিপক্ষ যখন বাংলাদেশ, তরুণ দল হওয়ার পরেও অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখবেন সবাই। টেস্ট র্যাঙ্কিংয়েও তো অনেক ব্যবধান।
অস্ট্রেলিয়া যেখানে দুই নম্বরে, সেখানে বাংলাদেশ নয়ে। কিন্তু এরপরও বাংলাদেশ সফর নিয়ে যথেষ্ট সতর্ক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। সেটির একটা কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেটে পালাবদল, অ্যাশেজের পর অভিজ্ঞ অনেক খেলোয়াড় অবসরে গেছে। অন্য কারণটি এশিয়ান কন্ডিশনে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স। এমনিতে আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া। তবে পরিবর্তিত পরিস্থিতি আর কন্ডিশন মাথায় রেখে দরকার হলে বাংলাদেশ সফরে খেলার ধরন পাল্টাতেও দ্বিধা করবেন না স্মিথ। এশিয়া ও উপমহাদেশে অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ডটা যে নতুন অধিনায়কের ভালো করেই জানা!
এশিয়ায় সর্বশেষ পাঁচটি সিরিজের চারটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২০১০ ও ২০১৩ সালে ধবলধোলাই হয়েছে ভারতের মাটিতে, গত বছর আরব আমিরাতে ধবলধোলাই পাকিস্তানের কাছে। সর্বশেষ ১৫ টেস্টে একটাই জয়, ২০১১ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে। এমন কন্ডিশনে সাফল্য পেতে এবার তাই অন্য রকম ভাবছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, ‘অস্ট্রেলিয়ায় আপনি চাইলে একটু আক্রমণাত্মক খেলতে পারেন। কিন্তু উপমহাদেশের কন্ডিশনে কোনো ব্যাটসম্যানকে আউট করার জন্য আপনাকে নানা উপায় বের করতে হবে। হয়তো অনেক সময় তাদের বিরক্ত করে আউট করতে হবে। যে কন্ডিশনেই খেলি না কেন, সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই আমার জন্য বড় কথা।’ সিডনি মর্নিং হেরাল্ড।