আক্রমণাত্মকই থাকতে চান শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টে ভারতের মুখের গ্রাস কেড়ে নিয়েছে শ্রীলঙ্কা। পেছন থেকে উঠে এসে লিখেছে দুর্দান্ত এক জয়ের গল্প। উল্টো দিকে বেশির ভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রেখেও ভারতীয়রা শেষ পর্যন্ত ডুবেছে হতাশায়। পরাজয় সঙ্গী হলেও ভারতীয়দের দাবি গলে তারা ‘আক্রমণাত্মক’ ক্রিকেটই খেলেছে। দলটির পরিচালক রবি শাস্ত্রী সিরিজের পরের দুই টেস্টেও হাঁটতে চান সেই পথে।
গলে প্রথম ইনিংসে ১৯২ রানের লিড নেওয়ার পরও ভারত ম্যাচটা হেরে গেছে ৬৩ রানে। তবে শাস্ত্রী মনে করেন, গলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, প্রতি ম্যাচেই এর পুনরাবৃত্তি সম্ভব নয়। তাই ভারতও বদলাবে না খেলার ধরন, ‘আশা করছি দ্বিতীয়বার বজ্রপাতের শিকার হব না, কারণ আমরা আগের মতোই খেলব। আমাদের মনমানসিকতাও বদলাবে না।’
গলে ১৭৬ রানের লক্ষ্য পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোহলিরা অলআউট মাত্র ১১২ রানে। তবে শাস্ত্রী মনে করছেন, ওই ব্যাটিং বিপর্যয়ের পরও অটুটই আছে ক্রিকেটারদের মনোবল, ‘এটা চাপের মুখে ভেঙে পড়ার প্রশ্ন নয়। দলটার কাজ হচ্ছে মাঠে ভয়ডরহীন ক্রিকেট খেলা। দারুণ মেধাবী এই ছেলেরা ম্যাচের পর নিশ্চিত নিজেদের শট নিয়ে ভেবেছে।’ আইএএনএস।