
অফ স্টাম্পের বাইরে জন হ্যাস্টিংসের শর্ট বল। এমন বলকে কত শত বার যে বাউন্ডারি-ছাড়া করেছেন তিলকরত্নে দিলশান, ইয়ত্তা নেই। কিন্তু কাল বিদায়বেলায় আর পারলেন না শ্রীলঙ্কান ওপেনার। কাট করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে গেল প্রথম স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে দিলশানের শেষ ইনিংস! ৩ বলের ছোট্ট ইনিংসটিতে রান মাত্র ১।
সতীর্থদের ‘গার্ড অব অনার’, দর্শকদের করতালি বৃষ্টির মধ্যে মাঠে নামলেন দিলশান। আউট হয়ে যাওয়ার সময়ও দর্শকদের অভিবাদন জানাতে ব্যাট উঁচিয়ে ধরলেন ৩৯ বছর বয়সী শ্রীলঙ্কান অলরাউন্ডার। বাউন্ডারির বাইরে পা রাখার আগে কুর্নিশও করলেন। হয়তো নিজের মতো করে জানিয়ে দিলেন, এত দিন পাশে থাকার জন্য ধন্যবাদ!
শেষ ইনিংসে দর্শকদের বিনোদন দিতে না পারার আক্ষেপ থাকবে দিলশানের। ক্যারিয়ার-জুড়ে এটিকেই তো মেনেছেন মন্ত্র! তিন বলেই সপাটে চালিয়েছিলেন। কিন্তু দিনটি তাঁর ছিল না, একটি বলও ঠিকমতো লাগেনি ব্যাটে। আক্ষেপ থাকবে শ্রীলঙ্কারও, দিলশানের বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে গেছে তারা।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে তুলেছিল মাত্র ১২৮ রান। দিলশান আউট হওয়ার পর ধনঞ্জয়া ডি সিলভাই যা শ্রীলঙ্কার হয়ে লড়েছেন। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫০ বলে করেছেন ৬২। এর বাইরে ওপেনার কুশল পেরেরা (২২) ছাড়া আর কেউই দুই অঙ্ক পেরোতে পারেননি। জবাব দিতে নেমে ১৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌছে গেছে অস্ট্রেলিয়া। ২৯ বলে ৬৬ রান করে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।
ব্যাটে না পারলেও বল হাতে কিছুটা আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন দিলশান। ২ ওভারে ৮ রানে নিয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১২৮/৯ (ডি সিলভা ৬২, পেরেরা ২২; জাম্পা ৩/১৬, ফকনার ৩/১৯)। অস্ট্রেলিয়া: ১৭.৫ ওভারে ১৩০/৬ (ম্যাক্সওয়েল ৬৬, ওয়ার্নার ২৫; দিলশান ২/৮, পাথিরানা ২/১৩)। ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: গ্লেন ম্যাক্সওয়েল।
দিলশানের আন্তর্জাতিক ক্যারিয়ার
ম্যাচ রান উইকেট
টেস্ট ৮৭ ৫৪৯২ ৩৯
ওয়ানডে ৩৩০ ১০২৯০ ১০৬
টি-টোয়েন্টি ৮০ ১৮৮৯ ৯