আক্ষেপ নেই লিটনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেস্ট বেল্ট বাঁধছেন লিটন—প্রথম আলো
চেস্ট বেল্ট বাঁধছেন লিটন—প্রথম আলো

কলম্বোয় শততম টেস্ট শুরুর আগের দিনের কথা। সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন লিটন কুমার দাস। সে কি উচ্ছ্বাস! ঐতিহাসিক এই টেস্টের অংশ হতে পেরে তিনি গর্বিত। ‘শততম টেস্ট বাংলাদেশ দলের জন্যই বড় কিছু। স্কোয়াডে আমি যেহেতু আছি, আমার জন্যও এটা হবে অনেক বড় ব্যাপার’বলেছিলেন লিটন।
সেই লিটনকেই কাল আজ দুপুরে পাওয়া গেল বিসিবির মেডিকেল রুমে। চেহারায় হতাশার বিষণ্ন ছায়া। সাংবাদিকদের সঙ্গে সেদিন কথা বলেই নেটে ব্যাটিং করতে গিয়েছিলেন লিটন। সেখানেই ঘটল দুর্ঘটনাটি। শ্রীলঙ্কান এক নেট বোলারের বল এসে আঘাত করল তার বাঁ পাঁজরের হাড়ে। স্ক্যান রিপোর্টে ধরা পড়ল চিড়। লিটন ছিটকে গেলেন সিরিজ থেকে। শততম টেস্টের সাক্ষী হওয়ার স্বপ্ন ভেঙে হলো চুরমার।
শ্রীলঙ্কা থেকে কাল দুপুরে ঢাকায় ফিরেছেন আহত লিটন। আজ বিসিবিতে এসে দুই চিকিৎসক দেবাশিস চৌধুরী ও মনিরুল আমিনের সঙ্গে কথা বললেন চোট নিয়ে। এ ধরনের চোট সারতে তিন-চার সপ্তাহ লাগে। লিটন আশাবাদী, এই সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারবেন। কিন্তু পাঁজরের হাড় প্লাস্টার করা কঠিন। শরীরের একটু নাড়াচাড়ায় সেখানকার হাড়ও তাই নড়ে। সমস্যা হয় হাঁচি-কাশিতেও। আর শ্বাস-প্রশ্বাসের সঙ্গে ওঠানামা তো সারাক্ষণই চলছে। কাজেই লিটনের জন্য চিকিৎসকদের পরামর্শ, যতটা সম্ভব কম নাড়াচাড়া করতে।
শার্টের ভেতর চেস্ট বেল্ট বেঁধে ফিরে যাওয়ার সময় লিটন জানালেন সেদিনের সেই চোট পাওয়ার কথা, ‘খুব গরম ছিল। নেটে গিয়ে ঘামছিলাম। বোলার যখন দৌড়ে আসছিল, হেলমেট চুঁইয়ে ঘাম এসে পড়ল চোখে। চোখ ঝাপসা হয়ে যাওয়াতে আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেই। ততক্ষণে বোলার ডেলিভারি দিয়ে ফেলেছে। আমি দেখিনি, কিন্তু বলটা বাউন্সারের মতো ছিল মনে হয়। সোজা এসে লাগল বুকে।’
আর লিটন সোজা ফিরে এলেন দেশে। শততম টেস্টের দুয়ার থেকে ফিরে এসে নিশ্চয়ই অনেক আফসোস তাঁর। লিটনের হাসিতেও সেটা স্পষ্ট। কিন্তু মুখে বললেন অন্য কথা, ‘আমার কোনো আক্ষেপ নেই। চোটাঘাত খেলার অংশ। আমার শততম টেস্ট খেলতে না পারাও সেরকমই।’