আক্ষেপ নেই সাকিবের

গত বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনিই। দলের ভারটা বহুদিন কাঁধে ছিল না। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে আজ হ্যামিল্টনে অধিনায়কত্বের দায়িত্ব বর্তাল সাকিব আল হাসানের ওপর। বহুদিন পর অধিনায়ক হিসেবে ম্যাচের পর টিভি ক্যামেরার সামনে বলতে এলেন সাকিব। বাঁ-হাতি অলরাউন্ডার জানালেন, লড়াই করে এমন হার অনুপ্রেরণাই দেবে।
সাকিব বললেন, ‘আমরা ভালো খেলেছি, বিশেষ করে যেভাবে ব্যাট করেছি। সবাই ভালো খেলেছে, নির্দিষ্ট করে বললে মাহমুদউল্লাহ, সৌম্য অসাধারণ খেলছে। এ ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে নিতে পারব এবং কোয়ার্টার ফাইনালে তা কাজে লাগাতে পারব।’
দুর্দান্ত ফর্মে রয়েছেন মাহমুদউল্লাহ। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও অসাধারণ শতক। সাকিবের প্রত্যাশা, এ ছন্দ ধরে রাখবেন ডানহাতি ব্যাটসম্যান, ‘সে (মাহমুদউল্লাহ) দারুণ ফর্মে রয়েছে। এখন প্রয়োজন এটি ধরে রাখা। আমাদের আরও কয়েকজন খেলোয়াড় ভালো ছন্দে রয়েছে। নিয়মিত রান পাচ্ছে। আশা করি ব্যাট-বলে তারা এ ছন্দ ধরে রাখতে পারবে।’
২৮৯ রানের লক্ষ্য দিয়ে ম্যাচটি বেশি জমিয়ে তুলেছিল বাংলাদেশ। তবে শেষমেশ জেতা হলো না। ব্যাট হাতে তেমন কিছু না করতে পারলেও দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া সাকিব পরাজয়ের ব্যাখ্যা দিলেন এভাবে, ‘আমাদের শুরুতেই কিছু উইকেট নেওয়ার দরকার ছিল। আমরা তুলে নিয়েছিলামও। পরে তারা কিছু বেশি রান তুলে ফেলে। একজন কম বোলার নিয়ে খেলে জেতাটা আমাদের জন্য কঠিনই ছিল। নিয়মিত পাঁচ বোলার ছিল না। তবুও চেষ্টা করেছিলাম সব সময় চাপ বজায় রাখতে। শেষ পর্যন্ত সেটা পারিনি।’
সেটা না পারলেও টুর্নামেন্টের অন্যতম সেরা দলের বিপক্ষে আজকের এই লড়াই শেষ আটে অনুপ্রেরণার রসদ জোগাবে বাংলাদেশকে। তথ্যসূত্র: এএফপি।