আক্ষেপটা থাকলই মুমিনুলের

- ক্যারিয়ারের সর্বোচ্চ রান হলো না মুমিনুলের
- ১৭৬ রানেই ফিরলেন তিনি। তাঁর সর্বোচ্চ ১৮১
- ডাবল সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল
- চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ‘বরপুত্র’ মুমিনুল
গতকালকের সংগ্রহের সঙ্গে মাত্র ১ রানই যোগ করতে পারলেন মুমিনুল হক। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ল আক্ষেপ—এত কাছে, তবুও কত দূরে। ডাবল সেঞ্চুরিটা আরও একবার হাতছানি দিয়েও হারিয়ে গেল তাঁর সামনে থেকে। ২০১৩ সালে এই চট্টগ্রামেরই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানে ফিরেছিলেন এই বাঁ হাতি। প্রায় পাঁচ বছর পর সেই চট্টগ্রামেই ১৭৬ রানে ফেরা। জহুর আহমদ স্টেডিয়াম তাঁকে অনেক দিয়েছে। ক্যারিয়ারের ৫ সেঞ্চুরির ৪টিই এই মাঠে। ক্যারিয়ারের বড় দুটি আক্ষেপও যে এই মাঠেই।
টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি করতে গতকাল মাত্র ৯৬ বল খেলেছিলেন মুমিনুল। মনে হচ্ছিল এভাবে খেললে আর কতক্ষণই বা টিকবেন, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তিনি টিকে রইলেন গোটা দিনই। অপর প্রান্তে দাঁড়িয়ে দেখেছেন মুশফিকুর রহিম ও লিটন দাসের ফেরা। ব্যক্তিগত ৯২ রানে মুশফিকুরের ফেরা আশঙ্কা না জাগালেও পরের বলেই লিটনের আউটে প্রমাদ গুনেছিলেন অনেকেই। কিন্তু মুমিনুল ভরসা হয়েই ছিলেন। ১৭৫ রানে দিনশেষ করে স্বপ্ন দেখাচ্ছিলেন আরাধ্য ডাবল সেঞ্চুরির। কিন্তু সেটি আর হলো কোথায়!
গতকাল রানা হেরাথকে সবচেয়ে বেশি চাপে রেখেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুমিনুল নিজেই তো হেরাথকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। আজ দ্বিতীয় দিনের শুরুতে স্বপ্নাতুর লক্ষ্য পূরণের আগেই তিনি কিনা ফিরলেন সেই হেরাথের বলেই। কুশল মেন্ডিসকে নিশ্চয়ই আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন হেরাথ মুমিনুলের ক্যাচটি নেওয়ার জন্য!
ডাবল সেঞ্চুরিটাই কেবল পেলেন না। এই মাঠেই দুই হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন—বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে। ২৬ ম্যাচের ৪৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে (২৮ ম্যাচের ৫৩ ইনিংস)। এই মাঠেই আরও একটি অনন্য কীর্তি গড়েছেন তিনি। চট্টগ্রামে যে চারবার ৫০ পেরিয়েছেন, সেগুলোকে সেঞ্চুরিতে রূপান্তর করেছেন প্রতিবারই। এক মাঠে এমন কীর্তি আছে আরও চারজনের। সে নামগুলো পড়ুন—স্যার ডন ব্র্যাডম্যান (হেডিংলি), বিজয় হাজারে (ব্রাবোর্ন), জিওফ বয়কট (হেডিংলি), ইউনিস খান (আবুধাবি)।
এতসব রেকর্ড ডাবল সেঞ্চুরি না পাওয়ার সান্ত্বনা হতে পারে। মানুষ তো সবকিছু একসঙ্গে সব সময় পায় না। চট্টগ্রামে মুমিনুলের ডাবল সেঞ্চুরিটা না হয় তেমন কিছুই!