আক্ষেপে পুড়ছেন সৌম্য

হঠাৎ করেই সুযোগটা এল। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস আর মুমিনুল হকের চোট ক্রাইস্টচার্চ টেস্টে জায়গা করে দিয়েছে সৌম্য সরকারকে। ব্যাটও করলেন নিজের সবচেয়ে স্বচ্ছন্দের পজিশন ওপেনিংয়ে। দ্রুত দুটি উইকেট হারানোর পর দলের ইনিংস পথ হারাতে দেননি। টেস্ট ক্রিকেটে ফিরেছেন, পেয়েছেন টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি। তিন সংস্করণ মিলিয়ে অনেক দিন পর ভালো একটি ইনিংস খেলেছেন। তবে এতেই সন্তুষ্ট নন বাংলাদেশের বাঁ হাতি এই ব্যাটসম্যান। নিজের ইনিংসটাকে আরও বড় করতে পারেননি। দলকে নিয়ে যেতে পারেননি আরও ভালো অবস্থানে। প্রথম দিনের খেলা শেষে এই আক্ষেপে পুড়ছেন সৌম্য।
২০১৫ সালের এপ্রিলে টেস্ট অভিষেক সৌম্যর।ক্রাইস্টচার্চের আগে সর্বশেষ টেস্টও খেলেছিলেন সেই বছরে জুনে। টেস্টে সেভাবে আলো ছড়াতে পারেননি। কিন্তু ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ছিলেন ব্যতিক্রম। তবে সুসময় শেষ অনেক দিন ধরে এই দুই সংস্করণেও সৌম্যের ব্যাটে ছিল রান-খরা। তাই টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগাতে মরিয়া ছিলেন সৌম্য। কতটা পেরেছেন শোনা যাক তাঁর মুখেই, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি বা টেস্ট—যে সংস্করণেই হোক, রান দরকার ছিল আমার। চেয়েছিলাম যেখানেই খেলি রান করব। কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি।’
কঠিন উইকেট আর কন্ডিশনে শুরু থেকেই ভালো খেলছিলেন সৌম্য। উইকেটে দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন নিজেকে। কিন্তু হঠাৎই আঘাত হানে ট্রেন্ট বোল্টের একটি বল। ৮৬ রানে আউট সৌম্য। ১৪ রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। এই আক্ষেপ তো আছেই। আরও কিছুক্ষণ উইকেটে থাকলে দলকেও ভালো অবস্থানে রেখে যেতে পারতেন বলেও মনে করেন , ‘ইনিংসটা বড় করতে পারলে আমার জন্য ভালো হতো। এর চেয়ে বড় হলো, দলেরও অনেক উপকার হতো। আমি আউট হওয়ার পর সাব্বির আর সাকিব ভাই আউট হয়ে গেছে। আমি আউট না হলে হয়তো তারাও আউট হতো না। আর তাহলে স্কোর বোর্ডে দলের রানটাও ভালো থাকত।’
দ্রুত তিনটি উইকেট হারানোর পর দলের হাল ধরেন অভিষিক্ত নুরুল হাসান। তাঁকে ভালোই সঙ্গ দিয়েছেন অভিষেক হওয়া আরেক তরুণ নাজমুল হোসেন (শান্ত)। এ ছাড়া শেষ দিকে ৬৩টি বল খেলেছেন ২ রান করা কামরুল ইসলাম। এই তিনজনের খেলায় খুশি সৌম্য, ‘রাব্বি ভাই (কামরুল) দারুণ কাজ করেছে। সোহান-শান্ত দুজনেই খুব ভালো ব্যাট করেছে। দুজনেরই এই ম্যাচে অভিষেক হয়েছে। কন্ডিশনও পক্ষে ছিল না। এরপরও ওরা দুজনেই খুব ভালো ব্যাটিং করেছে।’
প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৮৯ রান করেছে বাংলাদেশ। দিনের শেষভাগে ক্রাইস্টচার্চে বাতাসের গতি বেড়েছে। ঠাণ্ডাও বাড়ছে। কন্ডিশনটা পেসারদের জন্য দারুণ! আগামীকাল বাংলাদেশের বোলারদের কাছে প্রত্যাশা কি? ‘এখন চাওয়া একটাই—১০ উইকেট নেওয়া’ বলেছেন সৌম্য।