আগামী এশিয়া কাপ টি-টোয়েন্টির
‘মৃত্যু পরোয়ানা’ ঘোষিত হয়ে গেছে, এশীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে আগামী জুনে। আর এই সংস্থাটি মূল যে টুর্নামেন্টের আয়োজক, সেই এশিয়া কাপেও আসছে আমূল পরিবর্তন। ৫০ ওভারের বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে তাল মিলিয়ে এশিয়া কাপ এখন থেকে পালাক্রমে হবে টি-টোয়েন্টি ও ৫০ ওভারের টুর্নামেন্ট। এসিসির বিদায়ী প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকই জানিয়েছেন এটি।
আগামী বছর ১১ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে হবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই সংক্ষিপ্ততর সংস্করণের বিশ্বকাপের কেবলই আগে ফেব্রুয়ারি বা মার্চে এশিয়া কাপটি হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আবার ২০১৯ সালে যেহেতু ইংল্যান্ডে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর, তাই ২০১৮ সালের এশিয়া কাপ দেখবে ৫০ ওভারের টুর্নামেন্ট। ‘২০১৬ সালে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে এশিয়া কাপেও হবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। আয়োজক দেশ এখনো ঠিক হয়নি। ২০২০ সালের টুর্নামেন্টটিও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে, এরপর এশিয়া কাপে ৫০ ওভারের টুর্নামেন্ট ফিরবে ২০২২ সালে’—বলেছেন আশরাফুল হক। এসিসির বিদায়ী প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন, ফরম্যাটের পরিবর্তন হতে যাওয়ায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে যোগ দিতে পারে একটি বা দুটি সহযোগী সদস্যদেশ। বর্তমানে আফগানিস্তান, নেপাল, হংকং এবং আরব আমিরাতের রয়েছে টি-টোয়েন্টি মর্যাদা। এই চারটি দেশের মধ্যে অনুষ্ঠেয় বাছাইপর্ব থেকে মূল প্রতিযোগিতার জন্য বেছে নেওয়া হবে একটি বা দুটি দলকে। আইএএনএস।