আগামী বছরই ভারত-পাকিস্তান লড়াই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮ সালেই পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত? ছবি: ফাইল ছবি।
২০১৮ সালেই পাকিস্তানের সঙ্গে খেলবে ভারত? ছবি: ফাইল ছবি।

আগামী বছরই ক্রিকেট বিশ্ব দেখতে পাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ? সে রকমই আভাস দিচ্ছে শ্রীলঙ্কা। আগামী বছর স্বাধীনতার ৭০তম বার্ষিকী পালন করবে তারা। এ উপলক্ষে ‘ইনডিপেন্ডেন্স কাপ’ নামে একটি চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই টুর্নামেন্টের বাকি দুটি দলের একটি পাকিস্তান, অন্যটি ভারত।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দিয়েছে, ‘বিসিসিআই জানিয়ে দিয়েছে এই টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলতে তাদের আপত্তি নেই। এই টুর্নামেন্টের তারিখ নিয়ে আগামী মাসে দুবাইয়ে আইসিসির সভার ফাঁকে আলোচনা করা হবে।’
টুর্নামেন্টটি আয়োজনের জন্য বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে শ্রীলঙ্কা। দেশটির প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে নাকি এটি সফলভাবে আয়োজনের জন্য ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেছেন। তাঁর কাছ থেকেও নাকি মিলেছে সবুজ সংকেত।
২০১৬ সালের মার্চের কলকাতার ইডেন গার্ডেনসে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। এরপর কাশ্মীর ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকলে ভারত পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নেয়। এমনকি আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতাতেও যেন ভারতকে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না রাখা হয়, সে ব্যাপারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সঙ্গে কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।